'এমবাপে ছাড়াও ফ্রান্সের ব্যবধান গড়ে দেওয়ার খেলোয়াড় আছে'
ফরাসি মিডফিল্ডার আদ্রিওঁ রাবিওর মতে, তারা কেবল এই ফরোয়ার্ডের ওপর নির্ভরশীল নয়।
ক্লাব বা জাতীয় দল যেখানেই হোক না কেন, সবসময় সবখানে পাদপ্রদীপের আলোয় থাকেন কিলিয়ান এমবাপে। প্রতিপক্ষের জন্য সত্যিকারের ভয়ঙ্কর এক নাম। কাতারেও আছেন দারুণ ছন্দে। অনেকের চোখে তাই, ফ্রান্সকে হারাতে হলে আটকাতে হবে এমবাপেকে। তবে দলটির মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও অবশ্য মনে করেন, পিএসজি ফরোয়ার্ডই তাদের দলের পার্থক্য গড়ে দেওয়ার মতো একমাত্র খেলোয়াড় নন।
চোটের কারণে করিম বেনজেমা ছিটকে যাওয়ায় ফ্রান্সের আক্রমণে এমবাপের গুরুত্ব বেড়ে গেছে আরও। আস্থার প্রতিদানও তিনি দিচ্ছেন দারুণভাবে। গ্রুপ পর্বে তিন গোলের পর শেষ ষোলোয় পোল্যান্ডের বিপক্ষে জালের দেখা পান দুই বার। পাঁচ গোল করে এখন পর্যন্ত তিনিই আসরের সর্বোচ্চ গোলস্কোরার।
পোলিশদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে করা এমবাপের উভয় গোলই ছিল দুর্দান্ত। তাকে আটকানোর কোনো জবাবই যেন জানা ছিল না প্রতিপক্ষের।
আগামী শনিবার সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ ইংল্যান্ড। এই লড়াইয়ের আগেও ইংল্যান্ড শিবিরে আলোচনার বড় অংশ জুড়ে আছেন এমবাপে।
এমবাপেকে দলের গুরুত্বপূর্ণ মানলেও ফ্রান্স কেবল তার ওপরই নির্ভরশীল, এটি মানতে নারাজ রাবিও। ইউভেন্তুসের এই খেলোয়াড় মনে করেন, যে কেউই দলকে জেতানোর সামর্থ্য রাখেন।
“আমরা কারো ওপর নির্ভর করি না। সে আমাদের মূল অস্ত্র, কিন্তু আমাদের অন্যান্য খেলোয়াড়ও আছে, যারা অন্য উপায়ে পার্থক্য গড়ে দিতে পারে।”
“দলের সব খেলোয়াড়ের মতোই আমরা তার ওপর নির্ভর করি। ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার জন্য সবাইকে সুস্থ থাকতে হবে।”
