জোহানেসবার্গ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ পূর্ণতা পেল সমাপনী অনুষ্ঠানে। নেলসন ম্যান্ডেলাকে ছাড়া কল্পনাই করা যায় না দক্ষিণ আফ্রিকার অস্তিত্ব। সেই বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা পা রাখলেন সকার সিটি স্টেডিয়ামে। সমাপনী অনুষ্ঠানের শেষ ভাগে সবার প্রিয় ওই মানবতাবাদী নেতা একটি গাড়িতে করে মাঠে আসেন। ৯২ বছর বয়সী ম্যান্ডেলা হাত নেড়ে দর্শক অভিবাদনের জবাব দেন। এরপরই মাঠ ছেড়ে চলে যান তিনি।
অবশ্য উদ্বোধনী অনুষ্ঠানেই থাকার কথা ছিল ম্যান্ডেলার। কিন্তু মেয়ের নাতনির হঠাৎ মৃত্যুর কারণে ১১ জুন উদ্বোধনীতে দেখা যায়নি তাকে।
এদিকে বিশ্বকাপের চূড়ান্ত লড়াই মাঠে বসে দেখেছেন বিভিন্ন দেশের রাজনীতিক, রাষ্ট্রপ্রধাণ, নোবেল বিজয়ী ও হলিউডের এক ঝাঁক তারকা।
বিশ্বের ধনী, বিখ্যাত ও ক্ষমতাধর এই সব ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৭ জন রাষ্ট্রপ্রধান, দু'জন নোবেল বিজয়ী, হলিউডের এক ঝাঁক তারকা, জাতিসংঘের সাবেক মহাসচিব ঘানার নাগরিক কফি আনান, স্পেনের রানী সোফিয়া ও মোনাকোর রাজপুত্র অ্যালবার্ট, সঙ্গে রয়েছেন তার দক্ষিণ আফ্রিকান হবু বধূ।
ধারণা করা হচ্ছে, মাঠে বসে অথবা টেলিভিশনসহ বিভিন্ন উপায়ে খেলা দেখেছেন ৭০ কোটি দর্শক।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার বলেছেন, "প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করে আফ্রিকার মানুষ গর্ব করতে পারে, দক্ষিণ আফ্রিকার গর্বটা অবশ্যই একটু বেশি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এটি/টিআর/০৩৫৭ ঘ.
bdnews24