২০ বছর পর র্যাঙ্কিংয়ে ১০০-এর বাইরে নাদাল
২ হাজার পয়েন্ট হারিয়ে একবারে ১২১ ধাপ পিছিয়ে গেছেন স্প্যানিশ তারকা।
কয়েক মাস আগেও রাফায়েল নাদালকে র্যাঙ্কিংয়ে শীর্ষ দশের বাইরে কল্পনাও করা যেত না। রেকর্ড টানা ৯১৩ সপ্তাহ কাটিয়েছেন সেরা দশে। চোটের থাবায় সেই তিনিই এখন র্যাঙ্কিংয়ে ১০০ জনের মধ্যেও নেই! স্প্যানিশ তারকার টেনিস ক্যারিয়ারে এমন কিছু ২০০৩ সালের পর এই প্রথম।
ফরাসি ওপেনের পুরুষ এককের ফাইনালের পরদিন সোমবার নতুন র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। গত বছর এখানে রেকর্ড ১৪তম শিরোপা জিতে ২ হাজার পয়েন্ট অর্জন করেছিলেন নাদাল। নিতম্বের চোটের কারণে ক্লে কোর্টের রাজা এবারের আসরে খেলতে পারেননি। ফলে তিনি হারিয়েছেন ২ হাজার পয়েন্ট। এতে র্যাঙ্কিংয়ে ১২১ ধাপ পিছিয়ে ১৫তম থেকে ১৩৬তম স্থানে নেমে গেছেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। তার পয়েন্ট এখন স্রেফ ৪৪৫।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে খেলতে নেমে নিতম্বে ওই চোট পান নাদাল। এরপর থেকেই কোর্টের বাইরে আছেন ৩৭ বছর বয়সী তারকা। আগামী উইম্বলডন ও ইউএস ওপেন থেকে পয়েন্ট হারালে র্যাঙ্কিংয়ে আরও নিচে নেমে যাবেন তিনি।
সবশেষ তিনি পয়েন্ট অর্জন করেছিলেন এটিপি ফাইনালস থেকে। এই পয়েন্টও বিয়োগ হয়ে গেলে কোনো পয়েন্টই থাকবে না তার। সেক্ষেত্রে পেশাদার ক্যারিয়ার শুরুর পর র্যাঙ্কিংয়ে নিজের সবচেয়ে বাজে অবস্থানে চলে যেতে পারেন তিনি।
র্যাঙ্কিংয়ে নাদালের বর্তমান অবস্থান ২০০৩ সালের মার্চের পর তার সবচেয়ে বাজে। তখন তিনি ছিলেন ১৫২তম স্থানে। ওই বছরের ১৪ এপ্রিলের পর থেকে দুই দশকে কখনও র্যাঙ্কিংয়ে ১০০ জনের বাইরে যাননি তিনি। ২০০৫ সালের এপ্রিল থেকে এই বছরের মার্চ পর্যন্ত ৯১৩ সপ্তাহ ছিলেন শীর্ষ দশে।
এবার ফরাসি ওপেন জিতে নাদালকে টপকে পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম (২৩) জয়ের রেকর্ড একার করে নেন নোভাক জোকোভিচ। এতে র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থেকে শীর্ষে ফেরাও নিশ্চিত হয়ে যায় সার্বিয়ান তারকার। এক ধাপ করে পিছিয়ে স্পেনের কার্লোস আলকারাস দুইয়ে ও রাশিয়ার দানিল মেদভেদেভ তিনে নেমে গেছেন।
