২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মেরিনার্সকে মুদ্রার উল্টো পিঠ দেখাল ঊষা

ক্লাব কাপে হারের মধুর প্রতিশোধ ঊষা ক্রীড়া চক্র লিগ নিয়ে নিল প্রিমিয়ার ডিভিশন হকি লিগের প্রথম দেখায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2024, 08:52 PM

Updated : 07 Mar 2024, 09:19 PM

অল্প কদিনের ব্যবধানে যেন পাল্টে গেল চিত্র। এবার মুদ্রার উল্টো পিঠ দেখল মেরিনার ইয়াংস। ক্লাব কাপ হকির শিরোপা জয়ের পথে যাদের উড়িয়ে দিয়েছিল তারা, সেই ঊষা ক্রীড়া চক্রের বিপক্ষে এবার হেরে গেল মেরিনার্স। প্রিমিয়ার ডিভিশন হকি লিগের অন্য ম্যাচে দাপুটে জয় পেল আবাহনী।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার লিগের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মেরিনার্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ঊষা। দিনের অন্য ম্যাচে জয়ে শুরু পেয়েছে ক্লাব কাপ হকির রানার্সআপ আবাহনী; দিলকুশা এসসিকে ১০-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে তারা।

গত মাসের শেষ দিনে ক্লাব কাপ হকির ১২ গোলের রোমাঞ্চ ছড়ানো সেমি-ফাইনালে ঊষাকে ৮-৪ গোলে হারিয়েছিল মেরিনার্স। লিগেও তাদের শুরুটা হয়েছিল আশা জাগানিয়া। প্রথম মিনিটেই সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে এগিয়ে নেন দলকে।

পঞ্চম মিনিটে মোহাম্মদ শারিকের গোলে সমতায় ফিরে ঊষা। মেরিনার্সের উল্টো রথে ছোটার শুরু এরপর থেকেই। সমতা ফেরানোর পর ক্লাব কাপের চ্যাম্পিয়নদের চেপে ধরে আরও চার গোল দেয় ঊষা। তৈয়ব আলি ও ইশরাত ইকতিদারের ফিল্ড গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ঊষা। পরে জোড়া গোলে দলের বড় জয় নিশ্চিত করেন মাহবুব হোসেন।

এদিকে ক্লাব কাপ হকির ফাইনালে মেরিনার্সের বিপক্ষে ২-০ গোলে হেরে আসা আবাহনীর তোপের মুখে পড়ে স্রেফ খড়কুটোর মতো উড়ে গেছে দিলকুশা। আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে ১০-১ গোলের জয় পেয়েছে আবাহনী।

দলের বড় জয়ে পাঁচ গোল করেন আশরাফুল। পুস্কর খীসা মিমো জালের দেখা পান দুই বার; এছাড়া একটি করে গোল করেন ওবায়দুল হোসেন জয়, মোহাম্মদ আব্দুল্লাহ ও আমান শরীফ অভয়। দিলকুশার একমাত্র গোলটি করেন সাগর।