রেয়াল মাদ্রিদের এবার ভিনিসিউসকে হারানোর ধাক্কা
বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই উইঙ্গারকে, খেলতে পারবেন না ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের সামনের ম্যাচগুলিতেও।
কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, খুব গুরুতর নয় ভিনিসিউস জুনিয়রের চোট। কিন্তু পরীক্ষা করানোর পর দেখা গেল উল্টো চিত্র। ডান পায়ের পেশির চোটে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে।
ক্লাবের পক্ষ থেকে ফেরার সম্ভাব্য সময় জানানো হয়নি। কয়েক সপ্তাহ বাইরে থাকার কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যবেক্ষণে রাখা হবে তাকে। তবে সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবর, অন্তত পাঁচ থেকে ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে ২৩ বছর বয়সী এই তারকাকে।
রেয়াল মাদ্রিদ তাই তাকে পাবে না বেশ কিছু ম্যাচে। সেপ্টেম্বরের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়া ও পেরুর বিপক্ষে ম্যাচেও তিনি খেলতে পারবেন না ব্রাজিলের হয়ে।
গত শুক্রবার লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে এই চোট পেয়ে অষ্টাদশ মিনিটেই মাঠ ছাড়েন ভিনিসিউস। ম্যাচের পর আনচেলত্তি বলেছিলেন, স্রেফ একটি ম্যাচেই তাকে পাবে না রেয়াল।
মৌসুমের শুরুতেই চোট জর্জর হয়ে পড়া রেয়ালের জন্য বড় এক ধাক্কা ভিনিসিউসকে হারানো। গোলকিপার থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার এদের মিলিতাও মাঠের বাইরে ছিটকে পড়েছেন লম্বা সময়ের জন্য। গোটা মৌসুমই বাইরে থাকতে হতে পারে তাদেরকে। হাঁটুর অস্ত্রোপচারের পর কয়েক মাসের জন্য বাইরে আছেন দলে নতুন আসা মিডফিল্ডার আর্দা গিলের।
এছাড়া ডিফেন্ডার ফেরলঁদ মঁদি ও মিডফিল্ডার দানি সেবায়োসও পেশির চোট থেকে ফিট হয়ে ওঠার লড়াইয়ে আছেন।
