টেন হাগের কাছে মার্তিনেসের চোটের ধরন ‘ভালো নয়’
সেভিয়ার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পর স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় আর্জেন্টাইন ডিফেন্ডারকে।
চোট পেয়ে ম্যাচের শেষ দিকে মাঠ ছাড়া লিসান্দ্রো মার্তিনেসের চোটের ধরন অজানা এরিক টেন হাগের। তবে প্রাথমিকভাবে আর্জেন্টাইন ডিফেন্ডারের চোট বেশ খারাপ মনে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড কোচের।
ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইউনাইটেড। ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগের এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন মার্তিনেস। ৯০তম মিনিটে গুরুতর চোট পান তিনি। এরপর সেভিয়ার দুই স্বদেশী ফুটবলারের কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়ে যান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।
এর আগেই ৫ বদলির সবকটি হয়ে ব্যবহার করে ফেলায় বাকি সময়ে ইউনাইটেডকে খেলতে হয় ১০ জন নিয়ে। দুই গোলে এগিয়ে যাওয়ার পর দুটি আত্মঘাতী গোল হজম করে ২-২ ড্র করে টেন হাগের দল। সেভিয়ার দ্বিতীয় গোলটি আসে মার্তিনেস মাঠ ছাড়ার পর, ৯২তম মিনিটে।
ম্যাচের পর টেন হাগ বলেন, মার্তিনেসের চোট অ্যাকিলিস টেন্ডনের নয়।
"না, চোটটা ওই জায়গায় (অ্যাকিলিস টেন্ডন) নয়। তবে আমি জানি না চোটটা কোথায়। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।”
মাঠ ছাড়ার পর স্ট্রেচারে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মার্তিনেসকে।
চলতি মৌসুমে ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫টি ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার ।
