‘দলে রোনালদো-পেপেদের থাকা অনুপ্রেরণার’
ক্রিস্তিয়ানো রোনালদোর মতো তারকার উপস্থিতি দলের জন্য বাড়তি পাওয়া বলে মনে করেন রুবেন দিয়াস।
যে কোনো ফুটবলারের জন্যই বিশ্বকাপ খেলা বিশেষ কিছু। এর জন্য অনুপ্রাণিত হতে বাড়তি কিছুর প্রয়োজন পড়ে না। কিন্তু বাড়তি যোগের সুযোগ তো থাকেই। ক্রিস্তিয়ানো রোনালদোর মতো তারকা ফরোয়ার্ড, পেপের মতো নির্ভরযোগ্য ডিফেন্ডারের উপস্থিতি তাই পর্তুগালের জন্য বাড়তি অনুপ্রেরণা বলে মনে করেন রুবেন দিয়াস।
পর্তুগালের ফুটবল ইতিহাসে যারা পদচিহ্ন এঁকেছেন, ঠাঁই করে নিয়েছেন সমর্থকদের মনে, সেই ইওসেবিও, লুইস ফিগোদের রাশ টেনে নিচ্ছেন রোনালদো। দলটির ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ, ২০১৯ সালে নেশন্স লিগের শিরোপা জয়ের মূল কারিগরদের একজন তিনি।
বিশ্বকাপের মঞ্চে অবশ্য এখনও পর্তুগালকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি রোনালদো। এদিকে ফুরিয়ে আসছে সময়। অনেকের চোখেই ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের এটাই শেষ বিশ্বকাপ।
কেবল রোনালদো নয়, পেপে, জোয়াও মৌতিনিয়োর শেষ বিশ্বকাপ হতে পারে কাতারের আসর। তাদের ভালোভাবে বিদায় দেওয়ার এটাই সুযোগ বলে মনে করছেন অনেকে। দিয়াস অবশ্য কারো শেষ নিয়ে ভাবছেন না। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী এই সেন্টার-ব্যাক বলেন, এই অভিজ্ঞদের একসঙ্গে পাওয়া পর্তুগালের জন্য দারুণ ব্যাপার।
“আমি মনে করি, এটা একটা অনুপ্রেরণা হবে এবং আমি আসলেই এমনটা মনে করি। বিশ্বকাপ অবশ্যই বাড়তি অনুপ্রেরণা যোগায়, যদি আরও বেশি উজ্জীবিত হওয়ার কারণ দরকার হয়, তাহলে (তাদের উপস্থিতি) সেটা।”
“পর্তুগালের সব ফুটবল প্রজন্মের মধ্যে তিন জন (ইউসেবিও, লুইস ফিগো ও ক্রিস্তিয়ানো রোনালদো) ছাপ রাখতে পেরেছে এবং তারা বিশ্ব ফুটবলেও তাদের পদচিহ্ন এঁকেছে। তাদের পেয়ে আমরা ভাগ্যবান। এই বিশেষ অনুভূতি আমাদের জন্য বাড়তি যোগ এবং এর আসলেই অনেক মূল্য আছে। এটা আমাদের অবশ্যই বাড়তি অনুপ্রেরণা যোগাবে।”
আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে আছে পর্তুগাল। ঘানার বিপক্ষে ২৪ নভেম্বরের ম্যাচ দিয়ে পথচলা শুরু করবে তারা। গ্রুপের বাকি দুই দল উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।
