০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রতিপক্ষ মেসিকে কেবল উপভোগই করতে চান বেনিন ডিফেন্ডার

ম্যাচটা কেবল উপভোগ করতে চান বেনিনের ডিফেন্ডার মোহামেদ তিয়ানি।

প্রতিপক্ষ মেসিকে কেবল উপভোগই করতে চান বেনিন ডিফেন্ডার

সতীর্থদের মাঝে অনুশীলনে লিওনেল মেসি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 04:36 PM

Updated : 06 Oct 2026, 04:41 PM

সব আয়োজন লিওনেল মেসিকে ঘিরে। উপলক্ষটা তার বিদায়ের। তাই বলে প্রতিপক্ষ লড়াই করবে না, তা তো হয় না। আর আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের ন্যূনতম সম্ভাবনা জাগাতেও প্রথম শর্ত আটকাতে হবে তাকে। তবে, বেনিনের ডিফেন্ডার মোহামেদ তিয়ানি কোনোরকম রাখঢাক না করেই জানিয়ে দিলেন মেসিকে আটকানোর কোনো বিশেষ পরিকল্পনা নেই তাদের।

বুয়েন্স আইরেসে বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই রেকর্ড আটবারের ব্যালন দ‘র জয়ীর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের পর্দা নামবে।

উপলক্ষ বিবেচনায় এখানে আজেন্টিনার প্রতিপক্ষ কে, সেটা আসলেই মুখ্য নয়। কিন্তু বেনিনের দৃষ্টিকোণ থেকে অবশ্যই তাদের জন্য এটা অনেক বড় এক প্রাপ্তি। মেসির বিদায়ী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে তাদের নামটাই লেখা থাকবে ইতিহাসে।

তাই এমন এক ম্যাচে অবিশ্বাস্য কিছু করে দেখানোর হাতছানি তাদের সামনে। দলটির গোলরক্ষক মার্সেল দাঞ্জিনু যেমন মেসি কিংবা আর্জেন্টিনাকে একবিন্দুও ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন।

যদিও এর বাস্তব চিত্র কিছুটা ভিন্নই বটে। এত শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচের আগে বেনিনের অনেক খেলোড়কে দেখা গেছে বুয়েন্স আইরেসের রাস্তায়, কেনাকাটায় ব্যস্ত। তাদের মাঝে ছিলেন তিয়ানিও। আর্জেন্টিনার অনলাইন পত্রিকা সি৫এন-এর সাংবাদিকের সঙ্গে আলাপের ফাঁকে তিনি দেখালেন, নিজের ছেলে-মেয়ের জন্য আর্জেন্টাইন সংস্কৃতি ফুটিয়ে তোলা মাতে কাপ কিনেছেন তিনি।

শুরুতেই মেসিকে প্রশংসায় ভাসালেন তিয়ানি, “সে বিশ্বের সেরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ৮৯ নম্বরে আছে বেনিন। আর তিনবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা আছে দুইয়ে।

মেসিকে আটকাতে কী পরিকল্পনা করছে বেনিন, উত্তরে তিয়ানি বললেন কিছুই না।

“আমাদের মেসিকে আটকানোর আসলে কোনো মানে নেই। আমরা ম্যাচটা উপভোগ করব। মেসিকে প্রতিহত করার জন্য বিশেষ কোনো পরিকল্পনা আমাদের নেই। আমাদের কেবল ম্যাচটা উপভোগ করতে হবে, এই তো।

“সত্যি বলতে, আমি তার দিকে এমন ভাবে তাকাব: মেসি, তুমি ইশ্বর। আমার কাছে, সেই বিশ্বের সেরা।”