২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাশা বুয়েকে দলে ভেড়াল চোট জর্জর বায়ার্ন

রক্ষণের শক্তি বাড়াতে গালাতাসারাই থেকে ফরাসি এই ফুলব্যাককে দলে টেনেছে বায়ার্ন মিউনিখ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 07:47 PM

Updated : 28 Jan 2024, 08:24 PM

চোটের ছোবলে রক্ষণভাগের জেরবার অবস্থা। শক্তি বাড়াতে তাই গতিময় ও শারীরিকভাবে শক্ত-পোক্ত ফরাসি ফুলব্যাক সাশা বুয়েকে দলে টানল বায়ার্ন মিউনিখ।

বুন্ডেসলিগার চ্যাম্পিয়নরা রোববার এক বিবৃতিতে সাশাকে দলে নেওয়ার কথা জানিয়েছে। ২৩ বছর বয়সী এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তির আর্থিক অঙ্কের বিষয়ে বায়ার্ন কিছু জানায়নি। তবে জার্মানির গণমাধ্যমে আসা খবর ৩ কোটি ইউরো গুনতে হয়েছে বাভারিয়ানদের।

গতিময় সাশাকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টোফার ফ্রেউন্দ। তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে চার বছর কাটানো এই ডিফেন্ডার দলের রক্ষণের শক্তি বাড়াবে বলে বিশ্বাস তার।

“সাশা ভীষণ দ্রুতগতির এবং শারীরিকভাবে শক্তিশালী রাইট ব্যাক, যে প্রতি ম্যাচে অনেক কিলোমিটার ছোটে। ‘ওয়ান-অন-ওয়ান’ পজিশনে তার কোনো জড়তা নেই। সে আমাদের রক্ষণের মান উন্নত করবে।”

লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন সম্প্রতি চোটের কারণে ধুঁকছে। এ সপ্তাহের মাঝামাঝি ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে চোট পান দুই ডিফেন্ডার দায়দ উপামেকানো এবং নর্ড লেইমার। কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন দুজনে।

আরেক ডিফেন্সিভ মিডফিল্ডার জসুয়া কিমিখও ওই ম্যাচে চোট পেয়েছিলেন। রক্ষণভাগের দুই খেলোয়াড় কিম মিন-জায়ে ও নাউসাইর মাজরাউই এ মুহূর্ত ব্যস্ত জাতীয় দল নিয়ে। বৌনা সারও চোটে ভুগছেন। সাশাকে দিয়ে আপাতত রক্ষণের কিছুটা গুছিয়ে নিতে চাইছে বায়ার্ন।