সিটি ছেড়ে রোনালদোর দলে লাপোর্ত
এই স্প্যানিশ ডিফেন্ডারের নতুন ঠিকানা সৌদি আরবের ক্লাব আল নাস্র।
সৌদি আরবের ফুটবলে পাড়ি দেওয়ার মিছিলে এবার যোগ হলো এমেরিক লাপোর্তের নাম। এই স্প্যানিশ ডিফেন্ডার ম্যানচেস্টার সিটি ছেড়ে নোঙর ফেললেন ক্রিস্তিয়ানো রোনালদোর দল আল নাস্রে।
বিবিসির খবর অনুযায়ী, লাপোর্তকে পেতে দুই কোটি ৩৬ লাখ পাউন্ড গুনতে হয়েছে আল নাস্রকে।
২০১৮ সালের জানুয়ারিতে সেসময়কার ক্লাব রেকর্ড ফি পাঁচ কোটি ৭০ লাখ পাউন্ডে আথলেতিক বিলবাও থেকে সিটিতে যোগ দিয়েছিলেন এই ফুটবলার। সিটির জার্সিতে সফল সময় কাটালেও গত মৌসুমে খুব একটা সুযোগ পাননি লাপোর্ত। দলের ঐতিহাসিক ট্রেবল জয়ের পথে কেবল ২৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।
বিদায়বেলায় অবশ্য সুখস্মৃতিগুলো আওড়ালেন লাপোর্ত। বললেন, সিটির হয়ে ১২টি বড় শিরোপা জয় এবং ইতিহাদের আঙিনায় কাটানো সময় ‘অবিস্মরণীয়’ হয়ে থাকবে।
“সাড়ে পাঁচ বছরের অবস্মরণীয় এক যাত্রা; অনেক অনেক স্মৃতি, যেগুলো সারাজীবন হৃদয়ে লালন করব আমি। ট্রফি জয় থেকে নানা বিপত্তি, সাফল্য থেকে চোট, পথচলায় সবকিছুই আমার সঙ্গী ছিল এবং আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, সেই যাত্রার প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ।“
“এই জার্সি পরা আমার জন্য ছিল সম্মানের এবং আনন্দের। আশা করি, আপনারা আমাকে ভালোভাবে মনে রাখবেন। আমি সবসময়ই সিটির সমর্থক থাকব এবং আগামীতে আপনাদের সবাইকে আবারও দেখতে উন্মুখ হয়ে থাকব।”
সিটির হয়ে সব মিলিয়ে ১৮০ ম্যাচ খেলেছেন লাপোর্ত। রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করেছেন ১২টি। কিন্তু গত মৌসুমে কোচ গুয়ার্দিওলার আস্থা ধরে রাখতে পারেননি তিনি।
এই বছরের শুরুতে আল নাস্রে যোগ দেন রোনালদো। পর্তুগিজ এই মহাতারকার কাঁধে সওয়ার হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও জায়গা করে নিয়েছে সৌদি আরবের দলটি। এবার রোনালদোর সতীর্থ হিসেবে নতুন মিশন শুরু হলো ২৯ বছর বয়সী লাপোর্তের।
