২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিএলে বাজে রেফারিংয়ে বিরক্ত আর্সেনাল কোচ

নিউক্যাসল ইউনাইটেডের কাছে হারের পর লিগে রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন মিকেল আর্তেতা।

ইপিএলে বাজে রেফারিংয়ে বিরক্ত আর্সেনাল কোচ

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 07:06 PM

Updated : 05 Nov 2023, 07:09 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে রেফারিং নিয়ে মাঝেমধ্যেই ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন দলের কোচ। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে বিতর্কিত এক গোলে হারের পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও এই প্রতিযোগিতা ও এর রেফারিংয়ের মান নিয়ে সমালোচনায় মুখর হলেন।


ইংল্যান্ডের শীর্ষ লিগের বাজে রেফারিং নিয়ে বিব্রত বোধ করছেন আর্তেতা।

ম্যাচের ৬৩তম মিনিটে পার্থক্য গড়ে দেওয়া গোলটি করেন নিউক্যাসলের অ্যান্টোনি গর্ডন। জোয়েলিনতনের হেড পাস গোলমুখে পেয়ে ফাঁকা জালে পাঠান গর্ডন।


সম্ভাব্য তিনটি কারণে গোলটি বাতিল হতে পারতো; প্রথমটি জো উইলক বল নিয়ন্ত্রণে নেওয়ার আগে বাইলাইন পেরিয়ে গিয়েছিল কিনা, দ্বিতীয়টি তার ক্রসে হেড করার সময় জোয়েলিনতন ডিফেন্ডার গাব্রিয়েলকে ফাউল করেছিলেন কিনা এবং সবশেষে দেখা হয় গর্ডন অফসাইডে ছিলেন কিনা। ভিএআরে চার মিনিট ৬ সেকেন্ড ধরে ঘটনা তিনটি যাচাই করে শেষ পর্যন্ত গোলের বাঁশি বাজান রেফারি।

ওই গোলেই ম্যাচটি হেরে যায় আর্সেনাল, যা এবারের লিগে ক্লাবটির প্রথম হার। কোনোভাবেই গোলের সেই সিদ্ধান্ত মানতে পারছেন না আর্তেতা। ম্যাচের পর কোনো রাখঢাক না রেখে প্রিমিয়ার লিগের রেফারিংকে কাঠগড়ায় তুলেছেন তিনি।


“এই গোলটা কীভাবে বহাল থাকে? যা ঘটেছে তা বিব্রতকর। যে লিগকে আমরা বিশ্বের সেরা লিগ বলি, সেই প্রিমিয়ার লিগে এই গোল কীভাবে বহাল থাকে। আমি ২০ বছর ধরে এই দেশে আছি এবং এখন আমার লজ্জা লাগছে। এটি অপমানজনক। ভালো কিছু নয়। এর অংশ হয়ে আমি বিব্রত বোধ করছি।”


“এটা বিব্রতকর। আপনারা কল্পনা করতে পারবেন না, আমরা কী পরিমাণ বার্তা পেয়েছি যে, এভাবে আর চলতে পারে না। এসবের অংশ হয়ে আমি অসুস্থ বোধ করছি।”

সবশেষ এই হারের পর ১১ ম্যাচে ৭ জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল।