ভিএআর নিয়ে ধৈর্য ধরতে বললেন আর্তেতা
কিছুদিন আগে তুমুল সমালোচনা করলেও ভিএআর প্রযুক্তি নিয়ে এখন নমনীয় আর্সেনাল কোচ।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ‘বাজে’ রেফারিং ও ভিএআরের ‘প্রশ্নবিদ্ধ’ মান নিয়ে বেশ সোচ্চার আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। এমনকি একারণে প্রতিযোগিতাটির অংশ হয়ে ‘বিব্রত’ বোধ করছেন বলেও কদিন আগে জানান তিনি। তবে এবার তার কণ্ঠে ভিন্ন সুর। তিনি আশা করছেন, সময়ের সঙ্গে সঙ্গে এই প্রযুক্তির উন্নতি হবে এবং প্রতিশ্রুত ফল মিলবে।
নভেম্বরে ইংল্যান্ডের শীর্ষ লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে হারের পর রেফারি ও ভিএআরকে ধুয়ে দেন আর্তেতা। সেই ম্যাচে বিতর্কিত একটি সিদ্ধান্ত যায় নিউক্যাসলের পক্ষে, যা মেনে নিতে পারেননি এই স্প্যানিয়ার্ড।
প্রিমিয়ার লিগের মতো একটু টুর্নামেন্ট এমন রেফারিং কিভাবে চলতে পারে, সেই প্রশ্নও তুলেছিলেন আর্তেতা। এরপর ম্যাচ অফিশিয়ালদের নিয়ে অপমানজনক মন্তব্যের জন্য ফুটবল অ্যাসোসিয়েশন তাকে অভিযুক্ত করে।
লিগে শনিবার উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে মুখোমুখি হবে আর্সেনাল। আগের দিন সংবাদ সম্মেলনে ভিএআরের প্রসঙ্গ উঠতে আর সমালোচনার পথে হাঁটেননি আর্তেতা।
“আমি মনে করি, এই জায়গায় আমরা উন্নতি করতে পারি। আমরা চেষ্টা করছি। যে সব ঘটনা ঘটছে, তা এর (ভিএআর) উন্নতির জন্যই হচ্ছে।”
“(ফুটবলে) এটা একটা বড় পরিবর্তন। এজন্য সময়ের প্রয়োজন। আমরা যদি ভিএআর সঠিকভাবে ব্যবহার করি…এবং গঠনমূলক চেষ্টা করি, তাহলে আমি মনে করি ভালো ফল মিলবে।”
প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।
