বার্সাকে রাশিয়ান ক্লাবের খোঁচা
সেনেগালের কেইতা বালদেকে দলে টানার ঘোষণা দেওয়ার মাঝেই বার্সেলোনার আর্থিক সমস্যা নিয়ে খোঁচা মারল স্পার্তাক মস্কো।
পাহাড়সম ঋণের বোঝা মাথায় নিয়েও সম্পদ বিক্রি করে বার্সেলোনার একের এক খেলোয়াড় দলে নেওয়ায় আলোচনা-সমালোচনা চলছে চারিদিকে। এমন সময়ে কাতালান ক্লাবটিকে অদ্ভুতভাবে একটু নাড়া দিল রাশিয়ার ক্লাব স্পার্তাক মস্কো।
ইতালিয়ান ক্লাব কাইয়ারির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে শুক্রবার ফ্রি ট্রান্সফারে মস্কোর দলটিতে যোগ দেন কেইতা বাল্দে। তিন বছরের চুক্তি করেছেন সেনেগালের এই ফরোয়ার্ড।
দলবদলের স্বাভাবিক প্রক্রিয়া মেনে একজন খেলোয়াড়কে কোনো ক্লাবের দলে টানার ঘটনা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। তবে এক্ষেত্রে স্পার্তাক মস্কো যেভাবে বাল্দেকে দলে টানার ঘোষণা দিয়েছে, তা জন্ম দিয়েছে কৌতূহল ও বিস্ময়ের।
ক্লাবের জার্সি হাতে বাল্দের ছবি দিয়ে বার্সেলোনাকে ট্যাগ করে টুইটারে তারা লিখেছে, “কোনো ঝামেলা ছাড়াই নতুন এক খেলোয়াড়কে চুক্তিভুক্ত করলাম আমরা… বার্সেলোনা, হিংসা হচ্ছে?”
বার্সেলোনার নাজুক আর্থিক অবস্থা নিয়ে গত কয়েক বছর ধরেই মাঝে-মধ্যে খবর আসত। গত বছর সেটাই বড় আকারে সামনে আসে। লিওনেল মেসি, অঁতোয়ান গ্রিজমান সহ গুরুত্বপূর্ণ অনেককে ছেড়ে দিতে বাধ্য হয় তারা।
সমস্যায় ঘেরা ২০২১-২২ মৌসুম শেষে স্কোয়াডের শক্তি বাড়াতে নতুন পরিকল্পনা নেয় বার্সেলোনা। ক্লাবের সম্পদ বিক্রি করে চলতি গ্রীষ্মের দলবদলে রবের্ত লেভানদোভস্কির মতো তারকাসহ অনেক জনকে দলে টানে তারা।
অনেক সমস্যার মাঝেও তাদের এত এত খেলোয়াড় কেনায় অবাক করেছে অনেককে। নেতিবাচক মন্তব্যও করেছেন অনেকে। এবার সরাসরি খোঁচা দিল স্পার্তাক মস্কো।
