হলান্ডের রেকর্ড, আর্সেনালকে টপকে শীর্ষে সিটি
ম্যানচেস্টার সিটির হয়ে এই নিয়ে টানা সাত ম্যাচে গোল করলেন আর্লিং হলান্ড।
সমালোচনার জবাব দিতে প্রথম মিনিটেই গোল উদযাপনে মাতলেন জ্যাক গ্রিলিশ। স্কোরিংয়ের ধারাবাহিকতা ধরে রাখলেন আর্লিং হলান্ড, করলেন নতুন রেকর্ড। তাদের নৈপুণ্যে শুরুতেই চালকের আসনে বসা ম্যানচেস্টার সিটি অনায়াসে হারাল উরভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে।
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। গ্রিলিশ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেছেন হলান্ড। অনেকটা সময় ১০ জন নিয়ে খেলা উলভারহ্যাম্পটনের জালে দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেছেন ফিল ফোডেন।
ম্যাচ শুরু হতেই আক্রমণ শাণায় সিটি। ফিল ফোডেনকে বল বাড়িয়ে ডান দিক দিয়ে এগিয়ে যান কেভিন ডে ব্রুইনে। প্রতিপক্ষের বাধায় ভেতরে ঢুকতে না পেরে ব্যাকহিল করেন ফোডেন, আর ডে ব্রুইনে ছয় গজ বক্সে বাড়ান দারুণ ক্রস। ছুটে গিয়ে স্লাইড শটে মৌসুমে নিজের প্রথম গোলটি করলেন গ্রিলিশ।
অ্যাস্টন ভিলার জার্সিতে মিডফিল্ডার হয়েও প্রতিপক্ষের গোলমুখে ভয়ঙ্কর ছিলেন গ্রিলিশ। কিন্তু ১০ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে সিটিতে যোগ দেওয়ার পর অতটা কার্যকর হতে পারছিলেন তিনি। চলতি মৌসুমে তো সইতে হয় সমালোচনাও। জবাবটা বেশ ভালোভাবেই দিলেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।
পাঁচ মিনিট পর আবারও উলভারহ্যাম্পটনের জালে বল। তবে লক্ষ্যভেদ করার আগ মুহূর্তে তাদের গোলরক্ষককে রদ্রি ফাউল করায় মেলেনি গোল।
ব্যবধান দ্বিগুণ হতে অবশ্য খুব বেশি দেরি হয়নি। ষোড়শ মিনিটে বের্নার্দো সিলভার পাস ধরে কিছুটা এগিয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে গোলটি করেন হলান্ড। গোলরক্ষক ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।
এরই সঙ্গে প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চারটি অ্যাওয়ে ম্যাচে গোল করার কীর্তি গড়লেন তিনি। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে জোড়া গোল করার পর তৃতীয় রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের জালে বল পাঠান একবার। আর গত রাউন্ডে সাবেক দলের বিপক্ষে এক গোল করার পর এবার করলেন একটি।
নতুন ঠিকানায় সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা সাত ম্যাচে জালের দেখা পেলেন হলান্ড। প্রিমিয়ার লিগে তার গোল হলো ১১টি। সিটির জার্সিতে সব মিলিয়ে ১০ ম্যাচে ১৪ গোল করলেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড।
৩৩তম মিনিটে আরেকটি বড় ধাক্কা খায় উলভারহ্যাম্পটন। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা গ্রিলিশকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার ন্যাথান কলিন্স।
প্রতিপক্ষের চেয়ে এক জন কম নিয়েও দ্বিতীয়ার্ধে বেশ আত্মবিশ্বাসী শুরু করে উলভারহ্যাম্পটন। ৫৯তম মিনিটে ভালো সুযোগও পায় তারা। তবে লক্ষ্যভষ্ট শট নিয়ে হতাশ করেন গনসালো গেদেস।
৬৯তম মিনিটে তৃতীয় গোলটি করেন ফোডেন। ডান দিক থেকে ডে ব্রুইনের বাড়ানো পাস ছয় গজ বক্সে পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে পোস্ট ঘেঁষে বল জালে জড়ান তরুণ ইংলিশ মিডফিল্ডার।
সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে।
৬ ম্যাচে টটেনহ্যাম হটস্পার ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। পাঁচ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ১২।
সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ফুলহ্যাম। ছয়টি করে ম্যাচ খেলা চেলসি (১০) ও লিভারপুল (৯) আছে সাত ও আট নম্বরে।
