২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এখন বা পরে আমাকে পিএসজি ছাড়তে হবে’

ক্যারিয়ারের একটা পর্যায়ে ইউরোপিয়ান ফুটবলের বাইরে খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি ফরাসি তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 06:15 PM

Updated : 17 Jan 2024, 06:29 PM

জানুয়ারির দলবদলের উইন্ডো শুরু হওয়ার পর থেকে কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা গুঞ্জন। সম্প্রতি ‘জিকিউ’ সাময়িকীর সঙ্গে আলাপচারিতার নিজের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ফরাসি ফরোয়ার্ড। যদিও স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তবে ক্যারিয়ারের একটা পর্যায়ে পিএসজি ও ইউরোপিয়ান ফুটবলের বাইরে খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি বিশ্বকাপ জয়ী তারকা।

আগামী জুনে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হবে। ফলে, এখন ইচ্ছা করলে অন্য দলের সঙ্গে আগাম চুক্তি সেরে ফেলতে পারবেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

গত বছর দুয়েক ধরে দলবদলের সময়টায় আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। এবারও ব্যতিক্রম নয়। যথারীতি তার রেয়াল মাদ্রিদে যোগদানের সম্ভাবনা নিয়েই আলোচনাটা বেশি। পিএসজি ছাড়তে চাইলে সম্ভাব্য বিকল্প হিসেবে লিভারপুলের নামও উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমারসহ অনেক তারকা খেলোয়াড় গত দুটি দলবদলে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের পাঠ চুকিয়ে চলে গেছেন সৌদি আরবে কিংবা মার্কিন মুলুকে। জিকিউ সাময়িকীতে বুধবার প্রকাশিত সাক্ষাৎকারে তেমন কিছুর ইঙ্গিত দেন এমবাপেও।

“অনেক গ্রেট খেলোয়াড়, যারা ফুটবলের ইতিহাসে ছাপ রেখেছেন, তারা গত গ্রীষ্মে ইউরোপ ছেড়ে গেছেন। আমরা একটি নতুন যুগে প্রবেশ করছি। এই খেলার চক্রের অংশ এটি এবং একটা পর্যায়ে আমাকেও চলে যেতে হবে।”

“এই পরিবর্তনগুলো নিয়ে আমি চিন্তিত নই। আমি শুধু আমার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার এবং নিজের পথ অনুসরণ করার কথা ভাবি।”

এই মাসের শুরুতে এমবাপে বলেছিলেন, আগামী মৌসুমে পিএসজিতেই থাকবেন নাকি নতুন ঠিকানা বেছে নেবেন, তা মনস্থির করতে পারেননি তিনি।