২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে বিধ্বস্ত হলেও চাকরি হারানোর শঙ্কা দেখছেন না বার্সেলোনা কোচ

রেয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বড় ব্যবধানে হারলেও বার্সেলোনায় নিজের ভবিষ্যৎ নিরাপদ বলেই মনে করেন কোচ শাভি এর্নান্দেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 01:39 PM

Updated : 15 Jan 2024, 04:58 PM

লা লিগায় শিরোপা ধরে রাখার লড়াইয়ে অনেকটাই পেছনে বার্সেলোনা। এরপর এলো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পরাজয়। স্রেফ একটি সাধারণ হারই নয়, চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদর বিপক্ষে স্রেফ বিধ্বস্ত হয়ে গেছে তারা। তবে তাতে কোচের দায়িত্ব হারানোর মতো কিছু হয়েছে বলে মনে করেন না শাভি এর্নান্দেস। বরং ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি আত্মবিশ্বাসী।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রোববার সৌদি আরবের রিয়াদে রেয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলের হেরেছে বার্সেলোনা।

প্রথম ১০ মিনিটের মধ্যে দুটি গোল হজম করে ফেলে বার্সেলোনা। পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও লাভ হয়নি। দ্বিতীয়ার্ধে তো রেয়ালের দাপুটে ফুটবলের সামনে অনেকটাই অসহায় ছিল তারা। রেয়াল আরেকটু নিখুঁত হলে ব্যবধান বড় হতে পারত আরও।

লা লিগার অর্ধেক পথ পেরিয়ে এখন চার নম্বরে আছে শাভির দল। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪১। সমান ম্যাচে রেয়ালের পয়েন্ট ৪৮। এক ম্যাচ বেশি খেলে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে এই মৌসুমের চমক জিরোনা।

অতি নাটকীয় কিছু না হলে লা লিগায় শিরোপা ধরে রাখা বার্সেলোনার জন্য কঠিনই। এরপর স্প্যানিশ কাপের এই ধাক্কা। তবে কোচের দায়িত্বে থেকে যাওয়া নিয়ে তার সংশয় নেই। মনে করিয়ে দিলেন তিনি গত মৌসুমের সাফল্যের কথা।

“আত্মবিশ্বাস আছে, হ্যাঁ (কোচের দায়িত্বে থেকে যাওয়ার)… অবশ্যই আত্ম-সমালোচনা করতে হবে আমাদের, অনেক কিছুই শোধরাতে হবে। তবে বার্সেলোনায় নিজের পরিকল্পনায় আমার আস্থা আছে এবং এখনও মৌসুমটা আমরা দুর্দান্ত কাটাতে পারি।”

“আজকের পারফরম্যান্সের জন্য নিজেদেরকে কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। তবে বিশ্বাস ধরে রাখার অনেক কারণও আছে। আমার কোচিংয়ে গত মৌসুমে দুটি ট্রফি জয় করেছি আমরা। খুব বেশি আগের কথা এটা নয়। আজকের দিনটি কঠিন ছিল, এজন্য সমর্থকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী, কিন্তু আমাদের পক্ষে যুক্তিও আছে অনেক।”

সমালোচনা যা ছুটে আসছে, তা অবশ্য মাথা পেতে নিচ্ছেন শাভি। তবে সামনে মাথা উঁচু করে দাঁড়াতেও তিনি বদ্ধপরিকর।

“গত মৌসুমে এটা বলার মতো উপায় ছিল যে, আমরা নতুন যুগে প্রবেশ করছি। কিন্তু এবার আমাদেরকে অবশ্যই সমালোচনা মেনে নিতে হবে, আত্ম-সমালোচনা করতে হবে এবং আবার নতুন করে শুরু করতে হবে। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রেতে লড়তে হবে।”

“আজকের দিনটিতে আমরা এক ধাপ পিছিয়ে গেছি এবং তা আমার জন্য, ক্লাবের জন্য ও ফুটবলারদের জন্য বড় ধাক্কা। তবে খেলাধুলার ধরনই এমন এবং পরিকল্পনা অনুযায়ীই চলতে হবে। আগেও অনেকবার এই ধরনের পরিস্থিতিতে আমরা পড়েছি। নিজেদের পরিকল্পনায় বিশ্বাস আমার আছে, নিজের ওপর, ফুটবলারদের ওপর আস্থা আছে যে, আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে পারব।”

কোচের চাকরি নিয়ে প্রশ্নকে স্রেফ উড়িয়েই দিলেন বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো। এই ধাক্কা সামলে সামনে এগিয়ে যেতে তাকিয়ে আছেন তিনি শাভির দিকেই। 

“এই প্রশ্নের কোনো যৌক্তিকতা আমার কাছে নেই। ক্লাব ও ক্লাব প্রেসিডেন্টের ভরসা এখনও আছে কোচের ওপর এবং এই পরাজয়ে তা বদলাচ্ছে না।”

এই ম্যাচ পেছনে ফেলে এখন সামনের কোপা দেল রের ম্যাচে দলকে মনোযোগী হতে বললেন ডেকো।

“ভিনিসিউস ও রদ্রিগোকে নিয়ে মাদ্রিদ যেভাবে প্রতি-আক্রমণ করেছে, সেটি সামলাতে পারিনি আমরা। দারুণ সব ফুটবলার আছে ওদের। ২-১ হওয়ার পর মনে হচ্ছিল আমরা ঘুরে দাঁড়াতে পারি। তবে তৃতীয় গোলটিতে অনেক ক্ষতি হয়ে যায়।”

“অবশ্যই এই ট্রফি আমরা জিততে চেয়েছিলাম। সেখানে ৪-১ গোলের হার মেনে নেওয়া কঠিন। আমরা লড়াই করতেও পারিনি। তবে আমাদের এগিয়ে যেতে হবে এবং বৃহস্পতিবার কাপের ম্যাচে মনোযোগ দিতে হবে।”