লাইপজিগের বিপক্ষে ডে ব্রুইনেকে পাচ্ছে না সিটি
অসুস্থতার কারণে শেষ ষোলোয় প্রথম লেগের লড়াই থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার এমেরিক লাপোর্তও।
চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার আগে বড় এক ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। অসুস্থতার কারণে লাইপজিগের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে খেলতে পারবেন না কেভিন ডে ব্রুইনে।
সিটির গত মৌসুমের সর্বোচ্চ গোলস্কোরার ডে ব্রুইনে চলতি মৌসুমেও আছেন ছন্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১টি ম্যাচে চারটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৮টি অ্যাসিস্ট।
লাইপজিগের মাঠে বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে সিটি। ডে ব্রুইনের পাশাপাশি অসুস্থতার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ডিফেন্ডার এমেরিক লাপোর্তও।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই দুজনের না খেলার বিষয়টি নিশ্চিত করেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। তারা কবে ফিরতে পারেন, সে বিষয়ে কিছু বলেননি তিনি।
“দুর্ভাগ্যবশত, মাঝে মধ্যে এমন হয়। (নটিংহ্যাম) ফরেস্টের সঙ্গে ম্যাচের পর সে (ডে ব্রুইনে) ভালো অনুভব করেনি... গতকাল এমেরিকও (লাপোর্ত) ভালো বোধ করেনি। তাই তাদের জায়গায় অন্য খেলোয়াড়রা খেলবে। মাঝে মধ্যে এমনটা হতে পারে।”
নিজেদের সবশেষ ম্যাচে প্রিমিয়ার লিগে গত শনিবার ফরেস্টে সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা সিটি। সেখানকার ভুল শুধরে লাইপজিগ ম্যাচ দিয়ে জয়ের পথে ফেরার লক্ষ্য গুয়ার্দিওলার দলের।
