‘নিজের ক্লাব’ চেলসিকে চিনতে পারছেন না দ্রগবা
চেলসির করুণ অবস্থা দেখে বিরক্ত ক্লাবটির সাবেক স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা।
কোনো কিছুতেই যেন কিছু হচ্ছে না। ব্যর্থতার বৃত্ত ভেঙে বেরুতেই পারছে না চেলসি। সাবেক ক্লাবের এমন দশা দেখে হতাশা আর বিরক্তি ঝরল দিদিয়ের দ্রগবার কণ্ঠে। কোত দি ভোয়ার সাবেক স্ট্রাইকার বললেন, নিজের ক্লাবকে বড্ড অচেনা লাগছে তার।
ইংলিশ প্রিমিয়ার লিগে যাচ্ছেতাই সময় কাটছে চেলসির। সবশেষ পাঁচ ম্যাচে একটিও জিততে পারেনি তারা, যার মধ্যে হারই তিনটিতে। ৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১১ নম্বরে আছে তারা।
লিগ কাপ ও এফএ কাপে আগেভাগে বিদায় নেওয়া দলটি চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য এতদিন টিকে ছিল। কিন্তু মঙ্গলবার রাতে সেই পথচলাও শেষ হয়ে গেছে তাদের। কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে পিছিয়ে বাদ পড়ে তারা।
আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তাদের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
বারবার কোচ পরিবর্তন করে এবং নতুন মালিক ও চেয়ারম্যান টড বোয়েলির কাড়িকাড়ি অর্থ খরচের পরও মিলছে না সাফল্য। তাদের এমন হতশ্রী অবস্থা দেখে কানাল প্লাসে দ্রগবা বলেন, অনেক বদলে গেছে তার সাবেক ক্লাব।
“এটা আর আগের সেই ক্লাব নেই। আমি আমার ক্লাবকে চিনতে পারছি না। নতুন মালিক ও নতুন দর্শন এই ক্লাবের।”
২০০৩ সালে চেলসি ক্লাবটি কিনে নেন রোমান আব্রামোচিভ। এরপর থেকে বদলে যায় পুরো দলটি। একের পর এক শিরোপা জিততে থাকে তারা। স্ট্যামফোর্ড ব্রিজে ২০০৪ সালে যোগ দিয়ে ২০১২ সাল পর্যন্ত দলটির হয়ে ১২টি মেজর ট্রফি জেতেন দ্রগবা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথিত সম্পর্কের কারণে যুক্তরাজ্য সরকার গত বছর আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা দেয়। তারই ফলশ্রুতিতে চেলসি বিক্রি করে দিতে বাধ্য হন ৫৬ বছর বয়সী এই রুশ ধনকুবের। এরপর ৪২৫ কোটি পাউন্ডে ক্লাবটি কিনে নেন আমেরিকান বিনিয়োগকারী বোয়েলি ও ক্লিয়ারলেক ক্যাপিটাল নামের একটি ফার্ম।
এরপর থেকে নতুন খেলোয়াড় দলে টানতে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে চেলসি। তবে আশানুরূপ ফল এখনও মেলেনি। শুধু তাই নয়, কোচ টমাস টুখেলের পর গ্রাহাম পটারকে চাকরিচ্যুত করেছে তারা। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে এখনও দলটিকে কক্ষপথে ফেরাতে পারেননি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও। এসবে কিছুটা বিরক্তও ৪৫ বছর বয়সী দ্রগবা।
“৩০জন খেলোয়াড়ের একটি ড্রেসিংরুম সামলানো কোচের জন্য কঠিন, সে যেই হোক না কেন।”
“আব্রামোভিচ যুগে যা করা হয়েছিল তার সঙ্গে তুলনা করার চেষ্টা করি, সেখানেও খেলোয়াড়দের আধিক্য ছিল, তবে পছন্দগুলো ছিল খুবই বুদ্ধিদীপ্ত।”
