‘মিরাকলের’ আশায় লিভারপুল কোচ
চোটে বাইরে থাকা কিছু খেলোয়াড়কে দ্রুত ফিরে পেতে অভাবনীয় কিছুর প্রয়োজন বলে মনে করেন ইয়ুর্গেন ক্লপ।
চোট যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে লিভারপুল দলকে। একের পর এক ফুটবলার ছিটকে পড়ছেন চোট নিয়ে। ফলে একাদশ সাজাতেই হিমশিম খেতে হচ্ছে ইয়ুর্গেন ক্লপকে। এমন অবস্থায় কিছু খেলোয়াড়কে দ্রুত ফিরে পেতে অভাবনীয় কিছুর প্রয়োজন বলে মনে করছেন দলটির এই জার্মান কোচ।
চোট নিয়ে আগে থেকেই বাইরে আছেন লিভারপুলে প্রথম পছন্দের বেশ কয়েক জন খেলোয়াড়। সবশেষ গত রোববার লিগ কাপের ফাইনালে চেলসির বিপক্ষে চোট পান ডাচ মিডফিল্ডার রায়ান।
এফএ কাপের পঞ্চম রাউন্ডে বুধবার সাউথ্যাম্পটনের বিপক্ষে তাকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন ক্লপ। আগামী শনিবার প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষেও এই তরুণের খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
“রায়ানকে পাওয়া যাবে না...তার লিগামেন্টে চোট। অবস্থা আরও খারাপ হতে পারত। তবে আসছে ম্যাচে নিশ্চিতভাবেই সে খেলতে পারবে না, পরের ম্যাচে... দেখা যাক কী হয়।”
"কয়েকজন খেলোয়াড়ের জন্য অলৌকিক কিছু দরকার…অনেকের ক্ষেত্রে বিষয়টা অনিশ্চিত।”
মোহামেদ সালাহ, দারউইন নুনেস ও দমিনিক সোবোসলাই অনুশীলনে ফিরেছেন। তবে সাউথ্যাম্পটনের বিপক্ষে তাদের পাওয়ার সম্ভাবনা তেমন একটা নেই।
আলিসন, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, দিয়োগো জটা, থিয়াগো আলকান্তারা, জোয়েল মাতিপ, কার্টিস জোন্স তো বাইরে আছেনই।
লিগ কাপের ফাইনালে একাডেমি থেকে উঠে আসা একগাদা তরুণ ফুটবলারকে নিয়ে জোড়াতালি দিয়ে দল সাজান ক্লপ। সেই দলই এনে দেয় মৌসুমের প্রথম শিরোপা।
লিগ কাপ জয়সহ এই মৌসুমে দল যেভাবে পারফর্ম করছে তাতে খুব খুশি ক্লপ। দলের তরুণ খেলোয়াড়দের আরেকবার স্তুতির জোয়ারে ভাসালেন তিনি।
“দলের গভীরতা আমাদের ধারণার চেয়েও বেশি। আমি অনেকবার বলেছি, এই বাচ্চারা না থাকলে আমরা এই অবস্থানে থাকতাম না।”
চলতি মৌসুমে এখনও চার শিরোপার লড়াইয়ে আছে লিভারপুল। প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তারা আছে শীর্ষে। ইউরোপা লিগে পৌঁছে গেছে শেষ ষোলোয়।
