জানা-অজানা পেলে
মহাতারকার জীবন আর ক্যারিয়ারের কিছু জানা-অজানা তথ্য নিয়ে এই আয়োজন।
সাও পাওলোর বাউরুতে বেড়ে ওঠা পেলের শৈশব ছিল দারিদ্রের কষাঘাতে জর্জরিত। তবে চরম সেই প্রতিকূলতা তার ফুটবলার হয়ে ওঠার স্বপ্নটাকে দমাতে পারেনি। অবিশ্বাস্য প্রতিভার ঝলকে অল্প বয়সেই পরিচিত হয়ে ওঠেন কিশোর পেলে, তারুণ্যেই ক্লাব সান্তোস হয়ে ব্রাজিল জাতীয় দল এবং ১৮ ছোঁয়ার আগেই বিশ্ব ফুটবলের বুকে নিজের পদচিহ্ন এঁকে দেন তিনি। হয়ে ওঠেন ফুটবলের রাজা।
এই নশ্বর দুনিয়ার নিয়ম মেনে সবকিছুর মায়া কাটিয়ে পেলে চলে গেছেন ওপারে। পরিবার, ভক্ত-সমর্থকদের মাঝে রেখে গেছেন হাজারো স্মৃতি।
তার পুরো নাম এদসন আরান্তেস দো নাসিমেন্তো, ডাকনাম পেলের আড়ালেই তা পড়ে থেকেছে সবসময়। ফুটবলের সবুজ আঙিনায় জাদুকরী ছোঁয়ায় অসংখ্য রেকর্ড আর কীর্তির জন্ম দেওয়া এই মহাতারকার জীবন আর ক্যারিয়ারের কিছু জানা-অজানা তথ্য নিয়ে এই আয়োজন।
>> ব্রাজিল জাতীয় দলের হয়ে ৭৭টি সহ ক্যারিয়ারে মোট এক হাজার ২৮১টি গোল করেছেন পেলে, যা ছাড়িয়ে যেতে পারেননি কেউই।
>> একমাত্র ফুটবলার হিসেবে জিতেছেন তিনটি বিশ্বকাপ। জিতেছেন দুটি বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ ও ৯টি সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপ।
>> মার্কিন বিজ্ঞানী টমাস আলভা এডিসনের সঙ্গে মিলিয়ে বাবা-মা নাম রেখেছিলেন এদসন আরান্তেস দো নাসিমেন্তো।
>> ১৫ বছর বয়সে পেলের সঙ্গে চুক্তি করেছিল সান্তোস। ১৯৫৬ সালের ৭ সেপ্টেম্বর সিনিয়র দলের হয়ে অভিষেকে করিন্থিনিয়ান্সের বিপক্ষে ৭-১ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেছিলেন পেলেই।
>> পেলেকে আবিষ্কারের কৃতিত্ব বাউরুর স্থানীয় কোচ ভালদেমার দে ব্রিতোর। তিনিই ভবিষ্যতের মহাতারকাকে সান্তোসে নিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন, “এই ছেলেটাকে দেখুন, একদিন বিশ্বের সেরা ফুটবলার হবে।”
>> ১৯৫৮ সালে সর্বকনিষ্ট ফুটবলার হিসেবে ১৭ বছর বয়সে বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েন পেলে, যা এখনও অটুট। স্বাগতিক সুইডেনের বিপক্ষে ফাইনালে জোড়া গোলও করেন তিনি।
>> ১৯৯৫ সালে ব্রাজিলের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পান পেলে, ওই পদে তিনি কাজ করেন ১৯৯৮ সাল পর্যন্ত।
>> আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৯৯৯ সালের ভোটাভুটিতে শতাব্দীর সেরা অ্যাথলেটের স্বীকৃতি পান পেলে।
>> ১৯৯৭ সালে তাকে সম্মানসূচক ব্রিটিশ ‘নাইটহুড’ খেতাব দেওয়া হয়।
>> ১৯৬৯ সালের ১৯ নভেম্বর, ক্যারিয়ারে হাজারতম গোলটি করেন পেলে, ভাস্কো দা গামার বিপক্ষে। গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে সম্মান জানায় তাকে। শতশত মানুষ মাঠে নেমে আসে, আবার ম্যাচটি শুরু হতে ৩০ মিনিটের মতো বেশি সময় লেগে যায়।
>> সান্তোসে ১৯ নভেম্বর পালন করা হয় ‘পেলে দিবস’, তার হাজারতম গোলের বর্ষপুর্তি হিসেবে।
>> বিশ্বকাপে পেলের গোল মোট ১২টি, ব্রাজিলের ইতিহাসে তালিকায় ‘দা ফেনোমেনন’ রোনালদোর পর দ্বিতীয় স্থানে। আর সব মিলিয়ে ষষ্ঠ স্থানে, যৌথভাবে কিলিয়ান এমবাপে সঙ্গে।
>> পেলে যখন অবসর নেন, তখন যুক্তরাষ্ট্রে ব্রাজিলিয়ান রাষ্ট্রদূত জে বি পিনেইরো বলেছিলেন, “পেলে ফুটবল খেলেছেন ২২ বছর, এবং এই সময়ে সারা বিশ্বে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের প্রচার তার চেয়ে বেশি করেননি আর কোনো রাষ্ট্রদূত।”
>> ১৯৬৭ সালের ঘটনা, নাইজেরিয়ায় চলছিল রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, মারা যাচ্ছিল হাজার হাজার মানুষ। তবে শুধু পেলের খেলা দেখার জন্য ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা করেছিল দুই পক্ষ।
>> ২০০৬ সালে পেলে বলেছিলেন, “২০ বছর ধরে তারা আমাকে জিজ্ঞাসা করে, কে সেরা? পেলে নাকি মারাদোনা? জবাবে আমি বলি, উত্তর পেতে আপনাদের কেবল তথ্য-উপাত্ত ঘাটতে হবে-সে ডান পায়ে কিংবা মাথা দিয়ে কয়টা গোল করেছে?”
>> পেলে যখন নিউ ইয়র্ক কসমসে খেলতেন, তখন প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষ দলের অনেক খেলোয়াড় তার সঙ্গে জার্সি বদল করতে চাইতেন। তাই প্রতি ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের সবাইকে একটা করে জার্সি দিতে হতো।
সেই নিত্য দিনের ঘটনা প্রসঙ্গে ওই সময়ের ক্লাবটির কোচদের একজন গর্ডন ব্র্যাডলি বলেন, “পেলেই থাকতো মূল আকর্ষণ। কখনও কখনও তো সঙ্গে করে ২৫-৩০টা জার্সি নিতে হতো-অন্যথায় স্টেডিয়াম থেকে বেঁচে ফেরা হতো না।”
>> মাইক ব্যাসেট: ইংল্যান্ড ম্যানেজার, নামের একটি মুভিতে অল্প সময়ের জন্য অভিনয় করেছিলেন পেলে। সেখানে তার সাক্ষাৎকার নেন ব্রডকাস্টার মার্টিন বাশির, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনার প্রশ্নে হেসেছিলেন পেলে।
>> গ্রেট অরমোন্ড স্ট্রিট হাসপাতাল ও ফুটবল ক্লাব হারলেম স্ট্রিট সকারের জন্য লাখ লাখ পাউন্ড অনুদান সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পেলে।
>> ইংলিশ ফুটবল লেখক জিওফ্রি গ্রিন একবার বলেছিলেন, “দি স্তেফানো তৈরি এই পৃথিবীতে, আর পেলের সৃষ্টি স্বর্গে।”
>> ২০১০ সালের ১ অগাস্ট, নতুন আঙ্গিকে গড়ে তোলা নিউ ইয়র্ক কসমসে পেলেকে সম্মানসূচক প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।
>> একদা পেলে বলেছিলেন, “ম্যাচে পেনাল্টি থেকে গোল করা কাপুরুষতার মতো।”
>> পেলে বানান কীভাবে করবেন? টাইমস অব লন্ডন একবার ঘোষণা করেছিল, “G-O-D.”
>> পেলে ও মারাদোনার মধ্যে সম্পর্ক তেমন বন্ধুত্বপূর্ণ ছিল না।
২০১০ সালে আর্জেন্টাইন মহাতারকা প্রসঙ্গে পেলে বলেছিলেন, “তরুণদের জন্য সে ভালো উদাহরণ নয়। ফুটবলে ইশ্বরপ্রদত্ত উপহার পাওয়ায় সে ভাগ্যবান।” জবাবে মারাদোনা বলেন, “পেলে কী বলল, তাতে কী এসে যায়? তার জায়গা তো জাদুঘরে।”
>> ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ববি মুরের চোখে, তার দেখা সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার হলেন পেলে।
>> ছোটবেলায় পরিবারের সবাই তাকে ডাকত ‘জিকো’ নামে। পেলের প্রিয় ফুটবলার ছিলেন ভাস্কো দা গামার গোলকিপার ‘বিলে।’
পেলে নিজে অবশ্য ‘বিলে’ নামটি ঠিকঠাক উচ্চারণ করতে পারতেন না। অনেকটা যেন শোনাত ‘পেলে।’ সেখান থেকেই ক্রমে ‘বিলে’ বিবর্তিত হয়ে রূপ নেয় ‘পেলে।’
>> পেলের বাবা জোয়াও রামোস দো নাসিমেন্তো, তিনি পরিচিত ছিলেন ‘দন্দিনিয়ো’ নামে, তিনিও ছিলেন ফুটবলার। এক ম্যাচে হেডে পাঁচটি গোল করেছিলেন তিনি। ক্যারিয়ারে অসংখ্য কীর্তি গড়া পেলে বাবার এই রেকর্ডটা ছাপিয়ে যেতে পারেননি।
এক ম্যাচে হেড থেকে পেলের করা সর্বোচ্চ গোল চারটি।
>> ১৯৭০ বিশ্বকাপের ফাইনালে পেলের হেড থেকে করা গোলটি ছিল বিশ্ব সেরার মঞ্চে ব্রাজিলের শততম গোল।
>> বিশ্বকাপে তার প্রথম গোল ১৯৫৮ আসরের কোয়ার্টার-ফাইনালে, ওয়েলসের বিপক্ষে তার নৈপুণ্যেই ১-০ গোলে জিতেছিল ব্রাজিল।
>> ২০০০ সালে ‘বিবিসির শতাব্দী সেরা ক্রীড়া ব্যক্তিত্ব’ অ্যাওয়ার্ডে পেলে হন দ্বিতীয়। সেরা হয়েছিলেন বক্সিংয়ের কিংবদন্তি মোহাম্মদ আলি।
>> ১৯৭০ বিশ্বকাপ ফাইনালে পেলের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে ইতালির ওই সময়ের ডিফেন্ডার তারচিজিও বোরনিচ বলেছিলেন, “ম্যাচের আগে আমি নিজেকে বলেছিলাম, অন্য সবার মতো সেও (পেলে) রক্ত-মাংসে গড়া- কিন্তু আমি ভুল ছিলাম।”
>> ব্রাজিলে তাকে অনেকসময় ডাকা হয় ‘পেরোলা নেগ্রা’ নামে, যার অর্থ কালো মানিক।
>> পেলেকে দলে টানতে উঠেপড়ে লেগেছিল রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলানের মতো ইউরোপের কয়েকটি বড় ক্লাব। তা রুখতে ১৯৬১ সালে পেলেকে ‘রাষ্ট্রীয় সম্পদ’ ঘোষণা করে ব্রাজিল সরকার।
>> ১৯৯৩ সালে পেলেকে জাতীয় সকার হল অব ফেম-এ যুক্ত করা হয়।
>> ১৯৭৫ সালে পেলেকে নিউ ইয়র্ক কসমসে আনতে ওই সময়ে ক্লাবটির জেনারেল ম্যানেজার ক্লাইভ টয় বলেছিলেন, “ইতালিতে যেও না, স্পেনে যেও না, সেখানে তুমি একটা চ্যাম্পিয়নশিপ জিততে পারবে। যুক্তরাষ্ট্রে এলে একটা দেশ জিততে পারবে।”
>> পেলের প্রথম ফুটবল দল ছিল তার এলাকার বন্ধুদের নিয়ে এবং নিজেদের দলকে তারা ডাকত ‘দা শুলেস ওয়ানস।’
>> পেলের সম্পর্কে একবার ক্রিস্তিয়ানো রোনালদো বলেছিলেন, “ফুটবল ইতিহাসে পেলে সবসময়ের সেরা এবং ভবিষ্যতেও একজন পেলেই থাকবেন।”
>> একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে।
>> ১৯৬৪ সালের ২১ নভেম্বর, বোতাফোগোর বিপক্ষে ৮ গোল করেছিলেন পেলে। ম্যাচটি ১১-০ গোলে জিতেছিল সান্তোস।
>> ক্যারিয়ারে পেলে ৯২টি হ্যাটট্রিক, ৩১ বার ম্যাচে ৪ গোল, ছয়বার ম্যাচে ৫ গোল এবং একবার ম্যাচে ৮ গোল করেছিলেন।
>> জয়ের বিষয়ে পেলের ভাবনা ছিল এমন, “তুমি যদি প্রতিযোগিতায় প্রথম হও তাহলে তুমি সেরা, যদি দ্বিতীয় হও তাহলে কিছুই না।”
>> ১৯৭৭ সালের ১ অক্টোবর, ক্যারিয়ারে শেষবারের মতো মাঠে নেমেছিলেন পেলে। সান্তোস ও নিউ ইয়র্ক কসমসের মধ্যে ম্যাচটির প্রথমার্ধে তিনি কসমসের হয়ে আর দ্বিতীয়ার্ধ খেলেছিলেন সান্তোসের জার্সি পরে।
>> পেলে ও গারিঞ্চা একসঙ্গে যত ম্যাচ খেলেছেন, তার কোনোটিই হারেনি ব্রাজিল।
>> পেলে তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছিলেন সান্তোসের হয়ে, ১৯৫৭ সালের ৯ জুন লাভরাসের বিপক্ষে।
>> জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার একবার বলেছিলেন, “আমার দেখা পেলে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।”
