২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বের্নার্দো সিলভা ও কাইল ওয়াকারকে ধরে রাখতে ‘সবকিছুই’ করবে সিটি

এমন দুজন ফুটবলারের বিকল্প পাওয়া খুব কঠিন, বলছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

বের্নার্দো সিলভা ও কাইল ওয়াকারকে ধরে রাখতে ‘সবকিছুই’ করবে সিটি

কাইল ওয়াকার (বাঁয়ে) ও বের্নার্দো সিলভাকে কোনোভাবেই ছাড়তে চায় না ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 01:35 PM

Updated : 05 Aug 2023, 04:29 PM

ইলকাই গিনদোয়ানের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তাকে ধরে রাখার প্রবল ইচ্ছা থাকলেও তেমন কিছু করতে পারেনি ম্যানচেস্টার সিটি। কিন্তু বের্নাদো সিলভা ও কাইল ওয়াকারের ক্ষেত্রে যে বাস্তবতা ভিন্ন, তা মনে করিয়ে দিলেন পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটি কোচ জোর দিয়েই বললেন, তার দলের গুরুত্বপূর্ণ এই দুই সেনানিকে ধরে রাখতে চেষ্টায় কোনো কমতি রাখবেন না তারা। 

সিলভাকে দলে পেতে বার্সেলোনা আগ্রহী বলে গুঞ্জন আছে। তেমনি সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমে এসেছে, ওয়াকারকে দলে নিতে চায় পিএসজি। এই দুজন এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে নতুন চ্যালেঞ্জের খোঁজে তারা ক্লাব ছাড়ার ভাবনায় ‘উন্মুক্ত’ আছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

সিটি এর মধ্যেই এই মৌসুমে হারিয়ে ফেলেছে গিনদোয়ানকে। গত মৌসুমে অসাধারণ পারফর্ম করা এই ফুটবলার যোগ দিয়েছেন বার্সেলোনায়। এছাড়াও সিটি ছেড়ে সৌদি ফুটবলে নাম লিখিয়েছেন রিয়াদ মাহরেজ।   

এখন সিলভা ও ওয়াকারকে কোনোভাবেই হারাতে চায় না ক্লাব, শুক্রবার সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানিয়ে দেন গুয়ার্দিওলা। 

Image

সিলভা ও ওয়াকারের জন্য উপযুক্ত প্রস্তাব আসেনি বলে জানালেন পেপ গুয়ার্দিওলা।

“ওরা দুজন আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ ফুটবলার, আমরা সবকিছুই করব (ধরে রাখতে)। গিনদোয়ানের মতো ব্যাপার নয় এটি, তার তো চুক্তি শেষ হয়ে গিয়েছিল। ওদেরকে ধরে রাখতে আমরা সবকিছুই করব, কারণ এই দুজনের বিকল্প পাওয়া খুবই কঠিন।” 

“গিনদোয়ান ও রিয়াদের মতো দুজন অবিশ্বাস্য ফুটবলারকে হারিয়ে ফেলেছি আমরা, বড় ও গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করা ও গোলে সহায়তার জন্য যারা আমাদের জন্য ছিল মহাগুরুত্বপূর্ণ। এরপর কাইল ও বের্নার্দোকে হারানো হবে খুবই কঠিন। এজন্যই ওদেরকে ধরে রাখতে আমরা সম্ভব সবকিছুই করব।”

পাশাপাশি গুয়ার্দিওলা এটিও জানিয়ে দেন, কেউ নিজ থেকে ক্লাব ছাড়তে চাইলে, তিনি কখনোই বাধার দেয়াল হয়ে দাঁড়াতে চান না।

“প্রথম দিন থেকেই আমি বলে আসছি, যে ফুটবলাররা এখানে থাকতে চায় না, তাদেরকে আমি রাখতেও চাই না। যারা এখানে থাকতে চায় এবং এই কোচিং স্টাফ, ফুটবলারদের সঙ্গে থাকতে চায়, তাদের সঙ্গেই কাজ করতে চাই আমি।” 

মাহরেজের উদাহরণ দেওয়া যায় গুয়ার্দিওলার এই কথায়। সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৫ পর্যন্ত। কিন্তু তার ক্লাব ছাড়ার ইচ্ছায় সমস্যা তৈরি করেনি সিটি। 

তবে সিলভা ও ওয়াকারের মানের দুজন ফুটবলারকে দলে পেতে হলে প্রস্তাবও জুতসই হওয়া উচিত বলে মনে করেন গুয়ার্দিওলা। তেমন কোনো প্রস্তাব এখনও ম্যানচেস্টার সিটি পায়নি বলে জানালেন কোচ।

“সত্যিকারের প্রস্তাব পেতে হবে আমাদের। যদি কারও জন্য আমরা উপযুক্ত প্রস্তাব না পাই, তাহলে সে আমাদেরই ফুটবলার এবং আমরা তাকে রাখতেই চাইব। তারা যদি কাউকে দলে পেতে চায়, তাহলে সরাসরি প্লেনে চেপে বসবে এবং আমাদের ক্রীড়া পরিচালক ও প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলবে এবং চুক্তির প্রস্তাব দেবে, কারণ তিন পক্ষকেই সেখানে থাকতে হবে।” 

“আমরা যখন কোনো ফুটবলারকে কিনতে যাই, স্রেফ আমরা ম্যানচেস্টার সিটি বলেই অন্য যে কোনো ক্লাবের চেয়ে সবসময় ১ কোটি বা দেড় কোটি পাউন্ড বেশি দাম পড়ে যায়। এখন অন্যরাও যদি আমাদের এতটা গুরুত্বপূর্ণ ফুটবলারকে পেতে চায়, তাহলে তাদেরকে সত্যিকার অর্থেই তেমন কোনো প্রস্তাব দিতে হবে এবং এখনও পর্যন্ত আমরা তা পাইনি।” 

মৌসুমের প্রথম শিরোপার লড়াইয়ে কমিউনিটি শিল্ডে রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে আর্সেনালের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।