২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ছেলের সঙ্গে খেলার স্বপ্ন পূরণে ৫৮ বছর বয়সে ফুটবলে ফিরছেন রোমারিও

অবসর ভেঙে রিও দে জেনেইরোর দল আমেরিকা ফুটবল ক্লাবের হয়ে ফুটবলের সবুজ আঙিনায় ফিরছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2024, 12:18 AM

Updated : 18 Apr 2024, 12:18 AM

পেশাদার ফুটবলে রোমারিওর সবশেষ ম্যাচ খেলার দেড় দশক হতে চলল। বর্তমানে তিনি রিও দে জেনেইরোর দল আমেরিকা ফুটবল ক্লাবের সভাপতি। সেই দলের হয়েই ৫৮ বছর বয়সে অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফিরতে যাচ্ছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার। কারণ? নিজের ছেলের সঙ্গে খেলার স্বপ্ন পূরণ করতে চান তিনি।

রিও দে জেনেইরোর স্টেট ফুটবলের দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতায় কিছু ম্যাচ খেলবেন রোমারিও। যা শুরু হবে আগামী ১৮ মে। খেলোয়াড় হিসেবে তার নিবন্ধনের কথা নিশ্চিত করেছে রিও দে জেনেইরোর ফুটবল ফেডারেশন। মঙ্গলবার রোমারিও নিজেও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে মাঠে ফেরার ঘোষণা দেন।

“আমি চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি না, বরং আমার হৃদয়ের দলের হয়ে কয়েকটি ম্যাচ খেলব, পাশাপাশি নিজের আরেকটি স্বপ্নও পূরণ করতে চাই: আমার ছেলের সঙ্গে খেলা।”

ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের পথে ৫ গোল করা রোমারিও পেশাদার ফুটবল থেকে অবসর নেন ২০০৮ সালে। পরের বছর অবসর ভেঙে ফিরে তার বাবার প্রিয় দল আমেরিকা ক্লাবের হয়ে ২২ মিনিট খেলেন তিনি। ওই বছরই তিনি ক্লাবটির ক্রীড়া পরিচালকের দায়িত্ব নেন। সম্প্রতি তার ছেলে রোমারিনিয়োকে দলে টেনেছে আমেরিকা। বাবার মতো রোমারিনিয়োও স্ট্রাইকার।

মাঠে ফেরার জন্য বেতনও নেবেন রোমারিও। তবে সেটা একদম ন্যূনতম বেতন। যা ক্লাবকে দান করা হবে।

১৯৮৭ থেকে ২০০৫ পর্যন্ত ব্রাজিলের হয়ে ৭০ ম্যাচ খেলে ৫৬ গোল করেন রোমারিও। তার পেশাদার ক্যারিয়ার শুরু হয় স্বদেশের ক্লাব ভাস্কো দা গামার হয়ে। পরে খেলেছেন পিএসভি আইন্দহোভেন, বার্সেলোনা, ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্সে, ভালেন্সিয়ার মতো ক্লাবগুলোতে।

রোমারিওর দাবি, ক্যারিয়ারে এক হাজারের বেশি গোল করেছেন তিনি। তবে সেই সংখ্যার মধ্যে রয়েছে যুব পর্যায়, অনানুষ্ঠানিক এবং প্রীতি ম্যাচের গোলও।

ফুটবল থেকে অবসরের পর সিনেটর হন তিনি।