১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুন্দরবনের খালে বাঘের মৃতদেহ

“প্রাপ্তবয়স্ক পুরুষ বাঘটির দুই-তিন দিন আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

সুন্দরবনের খালে বাঘের মৃতদেহ
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল থেকে ভাসমান অবস্থায় বাঘটির মৃতদেহ উদ্ধার করা হয়।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 04:42 PM

Updated : 10 Sep 2026, 02:57 PM

সুন্দরবনের খালে ভাসমান অবস্থায় একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। 

মঙ্গলবার বিকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খালে ভাসমান অবস্থায় বাঘটির মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান বনবিভাগের খুলনা বিভাগীয় কার্যালয়ের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো।

তিনি বলেন, বিকাল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে জেলেরা মৃত বাঘটি দেখে বনবিভাগকে খবর দেয়। বনকর্মীরা গিয়ে বাঘটির মৃতদেহ উদ্ধার করে চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য বাঘটির শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ করা হবে। সেসব নমুনা ঢাকায় পাঠানো হবে।  

“বাঘটি পুরুষ ও প্রাপ্তবয়স্ক। অন্তত দুই থেকে তিন দিন আগে বাঘটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাঘটির শরীর গলে গেছে। 

বাঘটিকে করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে মাটিচাপা দেওয়া হবে জানিয়ে মিহির কুমার দো বলেন, ফরেনসিক প্রতিবেদন হাতে পেলেই বাঘটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

২০১৯ সালের ২০ অগাস্ট সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালীর বন থেকে একটি, ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি একই রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ি সংলগ্ন কবরখালি খালের চর থেকে একটি এবং ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি একই রেঞ্জের ভোলা নদের ধুনচেবাড়িয়ার চর এলাকা থেকে একটি মৃত বাঘ উদ্ধার করে বনবিভাগ।