ফেডারেশন কাপে একই গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান
বসুন্ধরা কিংসের গ্রুপে পড়েছে প্রতিযোগিতার ২০১২ আসরের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র।
ফেডারেশন কাপের মুকুট ধরে রাখার অভিযানে এবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সঙ্গে একই গ্রুপে পড়েছে মোহামেডান। প্রতিযোগিতার দুইবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস গ্রুপ পর্বে লড়বে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফর্টিস এফসির বিপক্ষে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে (বাফুফে) বুধবার প্রতিযোগিতার ৩৫তম আসরের ড্র অনুষ্ঠিত হয়। ১০ দল তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে গ্রুপ পর্বে।
তিন গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং পয়েন্ট টেবিলে তৃতীয় সেরা দুই দল খেলবে কোয়ার্টার-ফাইনালে।
আবাহনীর সঙ্গে ‘বি’ গ্রুপে পড়েছে মোহামেডান। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েই গত আসরের শিরোপা জিতেছিল মোহমেডান। এই প্রতিযোগিতায় রেকর্ড ১২টি শিরোপা আবাহনীর। এবার সাদা-কালো জার্সিধারীদের সামনে সুযোগ আছে আকাশি-নীল’দের রেকর্ডে ভাগ বসানোর।
এই গ্রুপের বাকি দুই দল চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন। এদের মধ্যে ব্রাদার্স ফেডারেশন কাপের তৃতীয় শিরোপার সবশেষটি জিতেছিল ২০০৫ সালে।
‘এ’ গ্রুপে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দুই প্রতিপক্ষ পুলিশ এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। সবশেষ ২০১৫ সালে এই ট্রফি জিতেছিল শেখ জামাল। ২০২১-২২ মৌসুমের ফাইনালে আবাহনীর বিপক্ষে হেরে রানার্সআপ হওয়া পুরান ঢাকার দল রহমতগঞ্জের এখন পর্যন্ত সেরা অর্জন।
২০২০-২১ মৌসুমে সবশেষ এই শিরোপা জেতা কিংস ‘সি’ গ্রুপে প্রতিপক্ষ পেয়েছে শেখ রাসেল ও ফর্টিস এফসিকে। ঘরোয়া ট্রেবল জয়ের পথে ২০১২ সালে ফেডারেশন কাপে নিজেদের একমাত্র শিরোপাটি জিতেছিল শেখ রাসেল।
আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে এবারের আসর। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা-এই তিন ভেন্যুতে হবে এবারের ম্যাচগুলো।
