এশিয়ান শুটিংয়ে বাংলাদেশের যুবাদের ব্রোঞ্জ জয়
উজবেকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৮ নারী দলগত বিভাগে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
দক্ষিণ কোরিয়াতে হওয়া এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ থেকে এলো সুখবর। ১০ মিটার এয়ার রাইফেলে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী নারীদের বিভাগে উজবেকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জপদক পেল বাংলাদেশ।
কোরিয়ার দাগুতে হওয়া এই প্রতিযোগিতায় শনিবার ব্রোঞ্জ নির্ধারণী লড়াইয়ে ১৭-০৫ পয়েন্ট জেতে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন সাজিদা হক, মৌমিতা রিয়া ও জাফীরা জ্যোতি।
বাছাইয়ে ৬২৩.৪ স্কোর করে সপ্তম হন সাজিদা। দ্বিতীয় রাউন্ডে ২০৬.৯ স্কোর করে ষষ্ঠ হন তিনি। জ্যোতি ৬১৫ স্কোর নিয়ে দশম ও মৌমিতা ৬০৫.১ স্কোর গড়ে ১৫তম হন।
