‘পেলে সর্বকালের সেরা ক্রীড়াবিদের চেয়েও বড়’
পেলে আমাদের দেখিয়েছেন, সবসময়ই নতুন কোনো পথ থাকে, শোক বার্তায় বলেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।
একটা মুকুটে উপর থেকে এসে পড়ছে আলো, প্রতীকী এই এক ছবিতেই ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস যেন পরিষ্কার করে দিল সব কিছু। ফুটবলের রাজা পেলের মৃত্যুতে যে আবেগের ঝড় বইছে, সেটা আরও স্পষ্ট হলো ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের বার্তায়।
দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে। ফুটবলের দুঃখের এক দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন অনেকেই।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে ব্রাজিল মানেই পেলে।
“পেলে সর্বকালের সেরা ক্রীড়াবিদের চেয়েও বড় ছিলেন। ফুটবলের রাজা ছিলেন বিজয়ী ব্রাজিলের চূড়ান্ত প্রতিনিধিত্বকারী। কোনো কিছুতেই ভীত হতেন না তিনি। ত্রেস কোরাকোয়েসে জন্ম নেওয়া কালো, দরিদ্র এক ছেলে পেলে আমাদের দেখিয়েছেন, সব সময়ই নতুন কোনো পথ থাকে।”
“তিনি তার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটি বিশ্বকাপ জিতবেন, তিনি জিতেছিলেন তিনটি। ব্রাজিলের হয়ে ১১৩ ম্যাচে করেছিলেন ৯৫ গোল। রাজা আমাদের নতুন ব্রাজিল দিয়েছেন, আমরা কেবল তার লেগাসির জন্য তাকে ধন্যবাদই দিতে পারি। ধন্যবাদ পেলে।”
টুইটারে পেলের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন ফ্রান্স ও পিএসজি ফরোয়ার্ড এমবাপে। তিনটি বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলারের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন আরেকবার।
“ফুটবলে রাজা আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার লেগাসি আজীবন স্মরণে থাকবে। শান্তিতে ঘুমান রাজা…।”
ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুল টুইটারে লিখেছে, “খেলাটির একজন কিংবদন্তি, আইকন ও সত্যিকারের গ্রেট, যিনি চিরদিন স্মরণে থাকবেন।”
