মোরসালিনের গোল ‘টার্নিং পয়েন্ট’
শুরুতে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস দলের সবসময় ছিল বলে জানালেন হাসান আল মামুন।
দাপুটে শুরুর ইঙ্গিত, কিন্তু হঠাৎই খেই হারিয়ে বসল বাংলাদেশ। গোলও হজম করে ফেলল। ভুটানের একটি আক্রমণ ক্রসবার ফিরিয়ে না দিলে বিপদ বাড়তে পারত আরও। এরপরই গাঁ ঝাড়া দিয়ে উঠল দল। শেখ মোরসালিনের গোলে ম্যাচে ফেরার পর ভুটানকে উড়িয়ে দিয়ে উঠল বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে। মোরসালিনের ওই গোলটিই সহকারী কোচ হাসান আল মামুন বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর টার্নিং পয়েন্ট।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বুধবার ৩-১ গোলে জেতে বাংলাদেশ। জালের দেখা পান শেখ মোরসালিন, রাকিব হোসেন, অন্য গোলটি আত্মঘাতী।
দ্বাদশ মিনিটেই ভুটানকে এগিয়ে নেন তিসেন্দা দর্জি। বক্সের বাইরে থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন তিনি। পাঁচ মিনিট পর ৩০ গজ দূর থেকে নিমা ওয়াংদির বুলেট গতির শট আনিসুর রহমান জিকোকে ফাঁকি দিলেও ক্রসবার কাঁপিয়ে ফিরে। মামুনও মানছেন এই গোলটি হলে বিপদ বাড়ত দলের।
“শুরুর দিকে মনে হয়েছে, আমরা একটু অস্বস্তিতে ছিলাম। এর মধ্যে একটা শটে গোল করে ফেলল ভুটান, আরেকটা ক্রসবারে লাগল, ওটা গোল হয়ে গেলে তো খেলাটা অন্যরকম হয়ে যেত। কিন্তু আমরা কখনও আমাদের আত্মবিশ্বাস হারাইনি। ঘুরে দাঁড়িয়েছি।”
ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য বাংলাদেশ পায় মোরসালিনের হাত ধরে, ২১তম মিনিটে। মোহাম্মদ সোহেল রানা প্রতিপক্ষের একজনের কাছ থেকে বল কেড়ে নিয়ে বাড়ান রাকিব হোসেনের উদ্দেশে। তিনি পাস দেন মোরসালিনকে। শুরুর দিকে এই ফরোয়ার্ড বলের নিয়ন্ত্রণ নিতে না পারলেও প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পা হয়ে বল ফিরে পান। এবারের সুযোগ বাম পায়ের শটে কাজে লাগান মোরসালিন।
এরপর আর কখনই পথ হারায়নি বাংলাদেশ। দাপুটে ফুটবল খেলে প্রথমার্ধেই স্কোরলাইন করে নেয় ৩-১। মামুন মনে করেন মোরসালিনের ওই গোলটিই ছিল বাঁক বদলের উপলক্ষ্য।
“(পিছিয়ে পড়ার পর) আজকে আমরা এ ম্যাচে যেকোনো মূল্যে ফিরব, জিতব-এই আত্মবিশ্বাস আমাদের ছিল। আমাদের মন্ত্র এটাই ছিল, এখানে আমরা পয়েন্ট রেখে আসার জন্য আসিনি, জিততে এসেছি, আমাদের মনোভাব একই ছিল। অবশ্যই মোরসালিনের সমতা ফেরানো গোলটি আমাদের জন্য ছিল টার্নিং পয়েন্ট।”
