'গুয়ার্দিওলার অহংবোধ হলান্ডের উন্নতি বাধাগ্রস্থ করতে পারে'
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলাকে আবারও খোঁচা দিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ।
দীর্ঘ ক্যারিয়ারে অনেক কোচের সান্নিধ্য পাওয়া জ্লাতান ইব্রাহিমোভিচ সুযোগ পেলেই অভিযোগ তোলেন পেপ গুয়ার্দিওলার বিরুদ্ধে। সেই ধারাবাহিকতায় তিনি আবারও খোঁচা দিলেন গুয়ার্দিওলাকে। বললেন, ম্যানচেস্টার সিটি কোচ নিজেকেই সবচেয়ে বড় ভাবেন আর তাই সিটিতে আর্লিং হলান্ডের উন্নতি নিয়ে সুইডিশ স্ট্রাইকার নিশ্চিত নন।
সাবেক পিএসজি তারকা মনে করেন, খেলোয়াড় হিসেবে হলান্ডের শাণিত হওয়ার পথে গুয়ার্দিওলার অহংবোধ বাধা হয়ে দাঁড়াতে পারে।
বরুশিয়া ডর্টমুন্ডে আড়াই বছরের অধ্যায়ে ৮৯ ম্যাচে ৮৬ গোল করা হলান্ড গত গ্রীষ্মের দলবদলে সিটিতে যোগ দেন। তরুণ খেলোয়াড়দের বেড়ে ওঠার ক্ষেত্রে বরাবরই বিশ্বস্ত নাম গুয়ার্দিওলা। তার কোচিংয়ে খেলা নিয়ে হলান্ডও ছিলেন রোমাঞ্চিত।
মৌসুমের শুরু থেকেই দেখা মিলছে তাদের দারুণ এক মেলবন্ধন। প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে এরই মধ্যে তিন হ্যাটট্রিকে হলান্ড গোল করেছেন ১৭টি। সম্প্রতি চোটে পড়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ২২ বার জালের দেখা পেয়েছেন নরওয়ে স্ট্রাইকার। যেভাবে হলান্ড ছুটছেন, তাতে গুয়ার্দিওলার কোচিংয়ে আগামীতে দারুণ কিছুরই ইঙ্গিত দিচ্ছেন তিনি।
এখানেই দ্বিমত ইব্রাহিমোভিচের। ২০০৯-১০ মৌসুমে বার্সেলোনায় গুয়ার্দিওলার কোচিংয়ে খেলেছিলেন তিনি।
সময়টা যে একেবারেই উপভোগ করেননি, সেটা তিনি সরাসরিই বলেছেন বিভিন্ন সময়ে। এমনও বলেছেন যে, বড় খেলোয়াড়দের সামলাতে জানেন না গুয়ার্দিওলা।
কানাল প্লাস-এ বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ আরেক দফা খোঁচা দেন সাবেক বায়ার্ন মিউনিখ কোচকে। ৪১ বছর বয়সী এই ফুটবলার বলেন, গুয়ার্দিওলা নিজের অহংকার থেকে সরে আসলেই কেবল এগিয়ে যেতে পারবেন হলান্ড।
“গুয়ার্দিওলা কি হলান্ডকে আরও শক্তিশালী করতে পারবে? এটা নির্ভর করবে গুয়ার্দিওলার অহংবোধের ওপর, যে সে তাকে নিজের চেয়ে বড় হতে দেবে কি-না।”
“সে আমাকে বড় হতে দেয়নি, আমাকে (এবং অন্যদেরও)। শুধু আমি একাই নই, আরও অনেকেই। আমি হলান্ডকে খুব পছন্দ করি। আমি মনে করি সে খুব বুদ্ধিমান খেলোয়াড়। সে এমন কিছু করে না, যা করতে সে সক্ষম নয়।”
