জাতীয় দল থেকে অবসরের আভাস তালিয়াফিকোর
বিশ্বকাপজয়ী লেফট ব্যাক অবশ্য অবসরের কোনো দিনক্ষণ নির্দিষ্ট করে বলেননি।
লিওনেল মেসির মতো যে আন্তর্জাতিক ফুটবলে নিজের সময়ও ফুরিয়ে আসছে, বুঝতে পারছেন নিকোলাস তালিয়াফিকো। ৩৪ বছর বয়সী বিশ্বকাপজয়ী লেফট ব্যাক শুনতে পাচ্ছেন শেষের ডাক। তেমন আভাস দিলেও, অবসরের দিনক্ষণ নির্দিষ্ট করে বলেননি তিনি।
উদ্দীপনা ও রোমাঞ্চ নিয়ে জাতীয় দলের হয়ে খেলতে আর্জেন্টিনায় পৌঁছেছেন তালিয়াফিকো। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে যে তিনি শেষ প্রান্তে দাঁড়িয়ে সেটাও বোঝা গেল তার কথায়।
বেনিনের বিপক্ষে ৬ অক্টোবরের ম্যাচ দিয়ে শেষবারের মতো আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন মেসি। মহানায়কের বিদায়ের প্রসঙ্গ উঠতেই যেন বিষণ্ন হয়ে গেলেন তার দীর্ঘ দিনের সতীর্থ তালিয়াফিকো।
“এমন কিছু যখন ঘটে, সেটা সবসময়ই কঠিন হয়। তবে আপনাকে এটা মেনেও নিতে হবে, এটাই বাস্তবতা। আজ হোক বা কাল, এটা ঘটতোই।”
২০১৭ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় তালিয়াফিকোর। দেশের হয়ে তিনটি বিশ্বকাপে খেলেছেন তিনি। স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে যাওয়া গত আসরের ফাইনালে দারুণ উজ্জ্বল ছিলেন তিনি। নতুনদের জন্য এবার জায়গা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন এই ফুটবলার।
“এটা পরিবর্তনের সময়। নতুন খেলোয়াড়রা উঠে আসছে। আমি শেষ ধাপে আছি। যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি। কারণ, মাত্রই যেটা বললাম, আপনি জানেন কখন পথ শেষ হবে। তাই আপনার উপভোগ করতে হবে।”
দেশের হয়ে এখন পর্যন্ত ৮৩ ম্যাচ খেলে একটি গোল করেছেন তালিয়াফিকো।
