Published : 18 Sep 2026, 03:27 PM
আশ্বিনের শুরুর দিকেই উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সেই লঘুচাপটি ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
শুক্রবার দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদিনের মধ্যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। পরে এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে, এমনকি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ারও সম্ভাবনা রয়েছে।
“তবে এর গতিপথ ওড়িশার দিকে থাকার সম্ভাবনা বেশি। এর প্রভাবে ২৩ সেপ্টেম্বরের পর বাংলাদেশে বৃষ্টি বাড়বে।”
গত দুদিন দেশের বিভিন্ন এলাকায় কুয়াশা দেখা গেছে। এর কারণ জানতে চাইলে ওমর ফারুক বলেন, “গেল কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। এরকম বৃষ্টির একটা স্পেল শেষ হয়ে গেলে এমন কুয়াশা দেখা দেয়। এই সাময়িক কুয়াশা আগামী এক-দুই দিনের মধ্যে কেটে যাবে।”
আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সকালের বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
তবে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
এর প্রভাবে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়া, আরিচায় ১০৬, নারায়ণগঞ্জে ৯৩, রাজশাহীর বাঘাবাড়িতে ৬১, বাগেরহাটের মোংলায় ৫৫ এবং রাজধানী ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে।
এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে; ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।