২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সম্পর্ক জোরদারে’ বাফুফেতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনা দলের বাংলাদেশে আসা এখন সময়ের ব্যাপার, বললেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী।

‘সম্পর্ক জোরদারে’ বাফুফেতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সেলফিতে খেলোয়াড়-কর্মকর্তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2023, 07:09 PM

Updated : 28 Feb 2023, 07:09 PM

বাফুফে ভবনে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরোর আগমণ নিয়ে গণমাধ্যমকর্মীদের আগ্রহ ছিল দেশটির ফুটবল দলের বাংলাদেশে আসার সম্ভাবনা নিয়ে জানা। কিন্তু সে বিষয়ে কিছু বললেন না কাফিয়েরো। তবে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বললেন, মেসি-মার্তিনেসদের বাংলাদেশ সফর সময়ের ব্যাপার।

কদিন আগেই আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটের প্রতিনিধিরা ঢাকায় এসেছেন। এদেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর সঙ্গে বসেছেন, ইঙ্গিত দিয়েছেন একাডেমি করার। তাদেরকে সঙ্গে নিয়ে মঙ্গলবার বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

বাফুফে ভবনের টার্ফে মেয়েদের লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলা প্রীতি ম্যাচ উপভোগ করেন কাফিয়েরো। পরে সংক্ষিপ্ত বক্তব্যে কাফিয়েরো জানালেন, তার এই আগমণ দ্বিপাক্ষীক সম্পর্ক জোরদার করার পদক্ষেপ।

“বাংলাদেশে আমি স্বাচ্ছন্দ্য অনুভব করি। আমি মনে করি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার পদক্ষেপ এটি।”

বাংলাদেশে আর্জেন্টিনার ক্লাবগুলোর একাডেমি করা, কোচ ও উঠতি খেলোয়াড়দের ট্রেনিং এসব বিষয়ের আলোচনা ‘প্রাথমিক’ পর্যায়ে আছে বলে জানান সালাউদ্দিন।

“একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎ। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী এবং রিভার প্লেটসহ কয়েকটি ক্লাবের প্রতিনিধিরা আমাদের কয়েকটি ক্লাব পরিদর্শন করেছে, আলোচনা করেছে, কী কী সাপোর্ট হতে পারে এবং তারা কী ধরনের সুবিধা দিতে পারে, এগুলো। সবকিছু খুবই প্রাথমিক পর্যায়ে আছে এবং তারা এগুলো নিয়ে কাজ করছে।”

এরপর গণমাধ্যমের মুখোমুখি হন মুর্শেদী। পারস্পরিক সম্পর্ক জোরদারে দুই পক্ষের মধ্যে নবায়নযোগ্য চার বছরের চুক্তির বিষয়টি উল্লেখ করে তিনি কথা বলেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ঢাকায় আসার বিষয় নিয়ে।

“এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। তাছাড়া আমাদের সময়েরও ব্যাপার। সব মিলিয়ে তাদের মৌসুম, আমাদের মৌসুম সবকিছু দেখে…যেহেতু দূতাবাস উদ্বোধন হয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তারা ফুটবল ফেডারেশনে এসেছেন। আমি মনে করি আমরা খুবই কাছাকাছি আছি (আর্জেন্টিনার ঢাকা আগমণ), ওই জায়গাতে যাওয়া আমাদের খুব বেশি সময় লাগবে না। এটা সময়ের ব্যাপার।“

“অবশ্যই ওরা আসবে। ২০১১ সালে ওরা এসেছিল। এখন তো কুটনৈতিক সম্পর্কের দরজা খুলল, আমি মনে করি, (আর্জেন্টিনা দলের আসা) সময়ের ব্যাপার।”