লিভারপুলের বিপক্ষে রোনালদোকে বাদ দিতে বললেন রুনি
ব্যর্থতার বৃত্ত ভাঙতে ম্যানচেস্টার ইউনাইটেডকে মাঠে তরতাজা খেলোয়াড় নামানোর পরামর্শ দিলেন ওয়েইন রুনি।
নতুন মৌসুমে প্রতিযোগিতামূলক ফুটবলে ক্রিস্তিয়ানো রোনালদো খেলে ফেলেছেন দুটি ম্যাচ। তবে ম্যাচ খেলার জন্য তাকে এখনও যথেষ্ট ফিট মনে হচ্ছে না ওয়েইন রুনির। লিভারপুলের বিপক্ষে তাই পর্তুগিজ ফরোয়ার্ডকে না খেলানোর পরামর্শ দিলেন ক্লাবটির কিংবদন্তি এই ফুটবলার। সাবেক এই ইংলিশ ফরোয়ার্ডের মতে, কোচের উচিত তরতাজা ফুটবলারদের খেলানো।
ছয় নম্বরে থেকে গত প্রিমিয়ার লিগ শেষ করা ইউনাইটেড এবার হেরে গেছে প্রথম দুই ম্যাচেই। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন সবার নিচে। প্রথম পয়েন্ট পাওয়ার আশায় সোমবার তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলের মুখোমুখি হবে এরিক টেন হাগের দল।
গত মৌসুমে লিগে দুবারের দেখায় লিভারপুলের বিপক্ষে ৫-০ ও ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ইউনাইটেড। লিগে অ্যানফিল্ডের দলটিকে তারা সবশেষ হারাতে পেরেছে সেই ২০১৮ সালের মার্চে, ওল্ড ট্র্যাফোর্ডে।
রোনালদো এবার ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের অনেকটা সময় অনুপস্থিত ছিলেন ব্যক্তিগত কারণে। শেষ সময়ে দলে যোগ দিয়ে তিনি খেলেন কেবল ৪৫ মিনিট।
এরপর লিগে প্রথম ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ২-১ গোলে হারের দিনে রোনালদোকে মাঠে নামানো হয়েছিল দ্বিতীয়ার্ধে। এরপর ব্রেন্টফোর্ডের বিপক্ষে তিনি শুরু থেকে খেললেও ম্যাচটি তারা হেরে যায় ৪-০ গোলে। সবগুলো গোলই হয় ম্যাচের প্রথম ৩৫ মিনিটের মধ্যে।
ইউনাইটেডের সর্বকালের সফলতম গোলস্কোরার রুনি ‘দা টাইমস’- এ লেখা কলামে তুলে ধরলেন, লিভারপুলের বিপক্ষে কেন বাইরে রাখা উচিত রোনালদোকে। সঙ্গে আরও একজনকে বাদ দেওয়ার পরামর্শ তার।
“আমি (ইউনাইটেডের কোচ হলে) ক্রিস্তিয়ানো রোনালদো ও মার্কাস র্যাশফোর্ডকে খেলাতাম না। আমি যদি টেন হাগের অবস্থানে থাকতাম, আমার মূল ভাবনা থাকত মাঠে তরতাজা খেলোয়াড়দের নামানো নিয়ে। ইউনাইটেড দলে একজন নাম্বার নাইন নিতে না পারার কারণে ব্রেন্টফোর্ডের বিপক্ষে রোনালদোর ওপর নির্ভরশীল ছিল, যদিও সে লিগ শুরুর আগে দলের সঙ্গে পর্যাপ্ত অনুশীলন করেনি।”
“তাকে দেখে মনে হয়েছে, ম্যাচ খেলার জন্য ফিট হয়ে উঠতে তার আরও সময় লাগবে। টেন হাগকে দল প্রাণবন্ত করে তুলতে হবে। এ কারণেই রোনালদোকে বাদ দিতে হবে।”
র্যাশফোর্ডকে নিয়ে নিজের পর্যবেক্ষণও তুলে ধরলেন রুনি।
“মার্কাসের (র্যাশফোর্ড) ক্ষেত্রে বলব, তার অনেক আত্মোপলব্ধি প্রয়োজন এবং অনুধাবন করা প্রয়োজন, সে আসলে কী চায়। তার নিজের জন্যই এটা প্রয়োজন, অন্য কিছু বাদই দিলাম। তাকে মাঠে দেখলে মনে হয়, আর যা-ই হোক, মাঠে থাকতে চায় না । মাঠে তাকে হাসতে দেখিনি অনেক দিন ধরে।”
“তার পারফরম্যান্সে অবনতি হয়েছে। এক বছরের বেশি সময় ধরে ইংল্যান্ড দলে সুযোগ পায়নি। তার সবচেয়ে ভালোটাই চাই আমি। দারুণ এক ছেলে সে এবং ইউনাইটেডের বিভিন্ন ধাপ পেরিয়ে এসেছে। তাকে ভালো করতে দেখতে চায় সবাই।”
