২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে গুয়ার্দিওলার কথা শুধু ‘লোক দেখানোর’ জন্য নয়

খেলোয়াড়দের সঙ্গে ম্যানচেস্টার সিটি কোচের কথাবার্তা নিয়ে রয় কিনের মন্তব্যে দ্বিমত পেপ গুয়ার্দিওলার।

মাঠে গুয়ার্দিওলার কথা শুধু ‘লোক দেখানোর’ জন্য নয়

আর্লিং হলান্ড (বাঁয়ে) পেপ গুয়ার্দিওলা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2023, 07:05 PM

Updated : 04 Nov 2023, 07:15 PM

ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের সঙ্গে প্রায়ই উত্তেজিত অবস্থায় কথা বলতে দেখা যায় পেপ গুয়ার্দিওলাকে। ম্যাচ শেষে মাঠেও কাজটা মাঝেমধ্যে করেন তিনি। এই বিষয়টি নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড গ্রেট রয় কিন আপত্তি জানিয়ে বলেছিলেন, লোক দেখাতে এসব করেন ম্যানচেস্টার সিটি কোচ। তবে গুয়ার্দিওলা তাতে মোটেও একমত নন। এই স্প্যানিয়ার্ডের মতে, যখন যেটা ঠিক মনে হয় তিনি শুধু তাই করেন।

ঘটনার সূত্রপাত গত রোববার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বির পর। ইউনাইটেডকে ৩-০ গোলে হারানোর পর মাঠে গুয়ার্দিওলাকে দেখা যায় জোড়া গোল করা আর্লিং হলান্ডকে কিছু বলতে। নরওয়ে তারকার সাথে সাবেক বার্সেলোনা কোচের আলোচনার বিষয় ছিল ম্যাচে এই স্ট্রাইকারের একটি গোল মিস নিয়ে।

এরপর স্কাই স্পোর্টসে এক আলাপচারিতায় কিন বলেন, এসব না করে সিটি কোচের উচিত শুধু জয় উদযাপন করা।

শনিবার বোর্নমাউথের বিপক্ষে লিগ ম্যাচের আগে কিনের ওই মন্তব্য নিয়ে জানতে চাওয়া হলে গুয়ার্দিওলা বলেন, লোক দেখানো কাজ করার ইচ্ছা নেই তার।

“এই বয়সে লোক দেখানোর জন্য কিছু করার দরকার নেই আমার। আমি রয় কিনকে অনেক সম্মান করি। মাঝে মাঝে আমি ম্যাচ শেষ করে টানেলে যাই, কখনও কখনও আমি সেখানে (মাঠে) থাকি। যখন আমি একজন খেলোয়াড়কে দেখতে পাই, তখন আমরা ম্যাচ নিয়ে কথা বলি। আমি জানি সেখানে ক্যামেরা আছে।”

“আমরা দ্বিতীয় গোলটি নিয়ে কথা বলেছি, (হলান্ডের গোল) মিস নিয়ে। হেডটি আর জোরালভাবে করলে হয়তো সেটা জালে জড়াত। অবশ্যই আমি এটা (আলোচনা) টানেলে করতে পারতাম। আমি লকার রুমে কাজটা অনেকবার করেছি।”