শুধু সাবিনা নয়, গোলের ‘ট্রাম্পকার্ড’ সবাই
দলের সবার মধ্যে গোল করার সামর্থ্য থাকায় দারুণ আশাবাদী বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটনকে।
সাবিনা খাতুন আর গোল যেন এক সুরে গাঁথা। সেখানে প্রতিপক্ষ যদি হয় মালদ্বীপ, তাহলে তো কথাই নেই। তাদের বিপক্ষে বাংলাদেশ অধিনায়ক বরাবরই দুর্বার। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে বাংলাদেশের যাত্রা শুরু মালদ্বীপ ম্যাচ দিয়ে। স্বাভাবিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তারকা ফরোয়ার্ড। তবে কোচ গোলাম রব্বানী ছোটনের কাছে কেবল সাবিনা নয়, গোলের হাতিয়ার দলের সবাই।
এ পর্যন্ত মালদ্বীপের বিপক্ষে তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিনবারই লিখেছে জয়ের দারুণ গল্প। ১১ গোল দিয়ে বাংলাদেশ গোল হজম করেছে মাত্র একটি। প্রতি ম্যাচেই গোলের আনন্দে ডানা মেলেছেন সাবিনা। ওই তিন ম্যাচে অধিনায়কের গোল সংখ্যা ৫টি।
সেই প্রিয় প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ দিয়েই এবারের সাফ অভিযান শুরু করবে বাংলাদেশের মেয়েরা।
নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার স্থানীয় সময় সাড়ে ৫টায় মাঠে গড়াবে ম্যাচটি।
ম্যাচের আগে মঙ্গলবার শেষ প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। আরেকটি গোল উৎসবের উপলক্ষ দুয়ারে কড়া নাড়ছে বলে সাবিনাও শাণিয়ে নিয়েছেন নিজেকে।
প্রস্তুতি শেষে আর্মি হেডকোয়াটার মাঠে সিঁড়িতে মারিয়া মান্দা, শামসুন্নাহারদের সঙ্গে খুনসুঁটিতে মেতে উঠলেন সাবিনা। কিছুক্ষণ সতীর্থদের সঙ্গে গল্পের পর ছবি তোলার জন্য পোজ দিতে যেভাবে জয়সূচক চিহ্ন দেখালেন, সমান উচ্ছ্বাস নিয়ে বাকিরাও যেভাবে পোজ দিলেন, তাতে গোল নিয়ে দুঃশ্চিন্তা নয়, নির্ভার এক বাংলাদেশ দলের প্রতিচ্ছবিই ফুটে উঠল।
দলের সর্বোচ্চ গোলদাতা সাবিনা। এই ফরোয়ার্ডের নামের পাশে আলো ছড়াচ্ছে ২৩ গোল। সাফ চ্যাম্পিয়নশিপে তার গোল ১৬টি। বলার অপেক্ষা রাখে না, এখানেও তিনি বাংলাদেশের সেরা।
মালদ্বীপের লিগে খেলা প্রথম বাংলাদেশী নারী ফুটবলারও সাবিনা। দ্বীপ দেশটিতে গিয়ে ফুটসাল ও ফুটবল মিলিয়ে ভুরিভুরি গোল করেছেন, যেটির সঠিক সংখ্যা মনে করতে গিয়ে হয়রান সাবিনা নিজেই।
এবারের ম্যাচেও সাবিনা গড়ে দিতে চান ম্যাচের ভাগ্য। পাশাপাশি সতীর্থরাও যাতে ম্যাচের নির্ণায়ক হয়ে উঠতে পারেন, সেজন্য মালদ্বীপে খেলার অভিজ্ঞতাও তাদের সঙ্গে ভাগাভাগি করেছেন নিয়মিত, বাতলে দিয়েছেন গোলমুখের আগল খুলে দেওয়ার পথ।
“প্রথমবার ফুটসালে যখন খেলতে গিয়েছিলাম, ৩৭ গোল করেছিলাম পুলিশ এফসির হয়ে। পরের আসরে ২৫ বা ২৩ এবং এরপর যতদূর মনে পড়ে ২১ গোল করেছিলাম (হাসি)। আমি যেহেতু ফরোয়ার্ড, সেহেতু আমার কাজই গোল করা। এ ম্যাচেও একই লক্ষ্য থাকবে, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।”
“মালদ্বীপে যেহেতু খেলেছি, ওদের অনেকেই ওদের বর্তমান দলটিতে আছে। তাদের সম্পর্কে আমার যে অভিজ্ঞতা, সেগুলো সতীর্থদের বলেছি। আশা করি ওরা কাজে লাগাবে। গোলের জন্য আমি মনে করি না, দল শুধু আমার ওপরে নির্ভর করে। এই দলে সবারই গোল করার সামর্থ্য আছে।”
সবশেষ মালয়েশিয়ার বিপক্ষে দুই প্রীতি ম্যাচের সিরিজই বলছে, মোটেও বাড়িয়ে বলেননি সাবিনা। গত জুনে প্রথম প্রীতি ম্যাচে মালয়েশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল দল। ওই ম্যাচে সাবিনার গোল একটি। ডিফেন্ডার আঁখি খাতুন জালের দেখা পেয়েছিলেন দুইবার। একবার করে মিডফিল্ডার মনিকা চাকমা, ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না ও কৃষ্ণা রানী সরকার।
আক্রমণভাগে সাবিনার সঙ্গে দারুণ বোঝাপড়া স্বপ্না ও কৃষ্ণার। স্বপ্নার হ্যাটট্রিক আছে মালদ্বীপের বিপক্ষে। মালদ্বীপের বিপক্ষে অবশ্য গোল নেই কৃষ্ণার। এই খরা কাটানোর প্রসঙ্গ পাড়তেই প্রাণখোলা হাসিতে ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড দিলেন ইঙ্গিতপূর্ণ উত্তর।
“ওদের জালে কয় গোল করতে চাই, সেটা তো এখন বলব না। গোলের সংখ্যাগুলো মাথায় রেখে দিয়েছি। কাল মাঠেই করে দেখাব।”
জাতীয় দলের হয়ে কৃষ্ণার গোল ৭টি ও সিরাত জাহান স্বপ্নার ৬টি। এসব পরিসংখ্যান বলছে, গোল নিয়ে আসলেই কোনো গোলকধাঁধার মধ্যে নেই বাংলাদেশ; বিশেষ করে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে। কোচ ছোটনও জানালেন, তিনি শুধু সাবিনার দিকে তাকিয়ে নেই।
“আমাদের ডিফেন্ডার আঁখি নিয়মিত গোল করছে। মালদ্বীপ ম্যাচে চোটের কারণে আনাই মোগিনিকে পাচ্ছি না, গত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওর গোলেই ভারতকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। শামসুন্নাহারেরও গোল আছে। আমি মনে করি, আমাদের দলে সবারই গোল করার সামর্থ্য আছে। সবাই ট্রাম্পকার্ড।”
