২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে যাচ্ছেন না আনচেলত্তি, থাকছেন রেয়ালেই

চুক্তির মেয়াদ দুই বছর বাড়াতে রাজি হয়েছেন এই ইতালিয়ান কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 06:45 PM

Updated : 29 Dec 2023, 07:16 PM

অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তিকে খুব করে পেতে চেয়েছিল ব্রাজিল। এই ইতালিয়ান অবশ্য বরাবরই বলে আসছিলেন, থাকতে চান তিনি রেয়াল মাদ্রিদেই। তারপরও জল্পনা-কল্পনা থেমে ছিল না। অবশেষে সেসবের ইতি। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন আনচেলত্তি।

চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড শিরোপাজয়ী ক্লাবটি শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে, সান্তিয়াগো বের্নাবেউয়ে ২০২৬ সাল পর্যন্ত থাকবেন আনচেলত্তি।

কাতার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল থেকে ব্রাজিল বিদায় নেওয়ার পর দলটিতে সেই সময়ের কোচ তিতের দীর্ঘদিনের পথচলা শেষ হয়। এর কিছুদিন পর থেকে শুরু হয় ‘পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হতে পারেন আনচেলত্তি’ গুঞ্জন।

ধীরে ধীরে সেই গুঞ্জন নতুন নতুন মাত্রা পেতে শুরু করে। গত জুনে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের ওই সময়ের সভাপতি এদনালদো রদ্রিগেস সরাসরি বলেন, আনচেলত্তিকে পেতে তারা চেষ্টা চালিয়ে যাবে।

সেই আশায় এখনও পূর্ণ মেয়াদে নতুন কোচ নিয়োগ দেয়নি তারা। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ চালাচ্ছেন ফ্লুমিনেন্সের কোচ ফের্নান্দো জিনিস। তবে এবার তাদের সেই আশা শেষ হয়ে গেল।

লা লিগার সর্বোচ্চ চ্যাম্পিয়নরা বিবৃতিতে লিখেছে, “রেয়াল মাদ্রিদ ও কার্লো আনচেলত্তি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে।”

বর্তমানে দ্বিতীয় মেয়াদে রেয়ালের দায়িত্বে আছেন আনচেলত্তি।

প্রথম মেয়াদে ২০১৩-২০১৫ পর্যন্ত সময়ে রেয়ালের ডাগআউটে ছিলেন তিনি। তার হাত ধরেই ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগে দশম শিরোপা জেতে মাদ্রিদের ক্লাবটি। ওই বছরে কোপা দেল রে, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফিও ঘরে তোলে দলটি।

পরের মৌসুমে অবশ্য সময়টা খুব খারাপ কাটে রেয়ালের। ফলে ২০১৪-১৫ মৌসুমের শেষ দিকে রেয়ালে চাকরি হারান আনচেলত্তি।

এরপর ২০২১ সালে আবার বের্নাবেউয়ে ফেরেন তিনি। সেই থেকে এখন পর্যন্ত সময়টা বেশ কাটছে তার ও তার দলের। দ্বিতীয় মেয়াদে ফিরে প্রথম মৌসুমেই দলকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতান আনচেলত্তি। ৬৪ বছর বয়সী এই কোচের হাত ধরে ২০২২ সালে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতে দলটি।

চলতি মৌসুমে এখনও সব শিরোপা লড়াইয়ে আছে রেয়াল। লা লিগায় ১৮ রাউন্ড শেষে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে উঠেছে নকআউট পর্বে।