২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবসময় জেতা সম্ভব না’, বেতিসে হোঁচট খেয়ে বললেন আনচেলত্তি

প্রতিপক্ষের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরেই খুশি রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

‘সবসময় জেতা সম্ভব না’, বেতিসে হোঁচট খেয়ে বললেন আনচেলত্তি

রেয়াল বেতিসের বিপক্ষে পয়েন্ট হারিয়েও অখুশি নন রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 06:37 PM

Updated : 10 Dec 2023, 06:37 PM

জুড বেলিংহ্যামের গোলে যে জয়ের আশা জেগেছিল, তা ফিকে হয়ে যায় মুহূর্তের মধ্যেই; আইতর রুইবালের দুর্দান্ত লক্ষ্যভেদে। রেয়াল বেতিসের মাঠ থেকে পয়েন্ট হারিয়ে ফিরতে হয়েছে রেয়াল মাদ্রিদকে। তবে দলটির কোচ কার্লো আনচেলত্তি ম্যাচের ফলে অখুশি নন মোটেও।

লা লিগায় শনিবার প্রতিপক্ষের মাঠে ১-১ ড্র করে রেয়াল মাদ্রিদ। ৫৩তম মিনিটে বেলিংহ্যামের গোলে পিছিয়ে পড়া বেতিসকে ৬৬তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া উঁচু শটে সমতায় ফেরান রুইবাল।

যদিও লিগ টেবিলে বর্তমানে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রেয়াল, কিন্তু এই ড্রয়ে শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ে গেছে তারা। বার্সেলোনার বিপক্ষে রোববার জিতলে শীর্ষে উঠে যাবে জিরোনা।

শীর্ষচ্যুত হওয়ার শঙ্কা উঁকি দিলেও বেতিসের মাঠের ফল নিয়ে অসন্তুষ্ট নন আনচেলত্তি। বরং ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় প্রতিপক্ষের প্রচেষ্টার প্রশংসা ঝরল তার কণ্ঠে।

“এটা ছিল সমানে-সমান ম্যাচ; দুই দলই ভালো খেলেছে। যখন ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল, তখনই আমরা একটা গোল হজম করলাম, কিন্তু এটা ন্যয্য ফল।”

“বেতিস যেভাবে চেষ্টা করেছে, তাদেরও হার প্রাপ্য নয়। ভালো ফল হয়েছে। আমরা খুশি, কেননা, এই মাঠ আমাদের জন্য কঠিন। তারা চমৎকার একটা গোল করল। আমি তুষ্ট; আপনি সব ম্যাচ জিততে পারবেন না।”

ব্রাহিম দিয়াসের পাস ধরে নিচু শটে এদিন লক্ষ্যভেদ করেন বেলিংহ্যাম। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে ১৫ গোল করলেন তিনি।

রেয়ালের এগিয়ে যাওয়ার আনন্দ মাটি করে দেওয়া রুইবাল আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না। মুভিস্টারকে দেওয়া প্রতিক্রিয়ায় এই স্প্যানিশ ডিফেন্ডার জানালেন, বিশ্বের সেরা ক্লাবের একটিকে আটকে দিয়ে দারুণ তৃপ্তি অনুভব করছেন তিনি। 

“এমনকি এ নিয়ে কথা বলার শক্তিও আমার নেই। বিশ্বের সেরা ক্লাবগুলোর একটির বিপক্ষে ঘুরে দাঁড়ালাম আমরা। পয়েন্ট পেয়ে আমরা খুশি।”

“আমি নিজের গোল নিয়ে ভাবিনি। আমার পরিবারের লোকেরা সবসময় আমাকে আরও বেশি বেশি শট নিতে বলে। এটাই আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে।”