২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজেমার চোট ‘গুরুতর নয়’

রিয়ালের প্রাণভ্রোমরার চোট গুরুতর নয় বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বললেন কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 09:50 AM

Updated : 07 Sep 2022, 09:50 AM

জয়ে শুরুর স্বস্তি আছে। বড় জয়ের তৃপ্তিও আছে। তবে সেল্টিকের বিপক্ষে জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী একটি শঙ্কাও। করিম বেনজেমা যে মাঠ ছেড়েছেন চোট নিয়ে! দলের প্রাণভ্রোমরা তিনি। উৎকণ্ঠার কারণ আছে তাই যথেষ্টই। কোচ কার্লো আনচেলত্তি অবশ্য বলছেন, প্রাথমিকভাবে খুব বাজে কিছুর আশঙ্কা তারা করছেন না।

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই এই ধাক্কা আসে রিয়ালের জন্য। শিরোপা ধরে রাখার অভিযানে মঙ্গলবার সেল্টিকের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি তারা। ২৯ মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান বেনজেমা।

দলও তখন নিজেদের হারিয়ে খুঁজতে থাকে। তবে দ্বিতীয়ার্ধে দারুণ খেলে চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-০ গোলের জয় নিয়ে।

এই ম্যাচ জিততে পারলেও লম্বা মৌসুমে অপেক্ষায় কঠিন অনেক চ্যালেঞ্জ। বেনজেমা লম্বা সময়ের জন্য বাইরে গেলে রিয়ালের জন্য তা হবে বড় বিপর্যয়।

তবে আপাতত তেমন কিছুর শঙ্কা নেই বলেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন আনচেলত্তি।

“খুব দুর্ভাবনার কিছু আছে বলে মনে হচ্ছে না। কালকে (বুধবার) পরীক্ষার পর পুরোপুরি বোঝা যাবে। তবে প্রাথমিকভাবে খুব গুরুতর কিছু মনে হচ্ছে না। পেশীর কোনো চোট কিনা, নিশ্চিত নয় এখনও। হতে পারে স্রেফ কোনো অস্বস্তি অনুভব করছিল সে। কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে সবটুকু জানতে।”

শেষ পর্যন্ত যদি বড় কোনো চোটও হয়, তাহলেও শঙ্কার তেমন কিছু দেখছেন না রিয়াল মাদ্রিদের গোলবারের ভরসা থিবো কর্তোয়া।

“সম্ভবত সে হাঁটুতে অস্বস্তি অনুভব করছিল। দেখা যাক, আশা করি, এটা গুরুতর কিছু নয়। আর যদি সেরকম কিছু হয়ও, যথেষ্ট বিকল্প ফুটবলার আমাদের আছে।”

বেনজেমার চোটের পর মাঠে নেমে এ দিন দুর্দান্ত খেলেন এদেন আজার। নিজের সেরা সময়ের কিছু ঝলক তিনি দেখান এ দিন। গোল করানোর পাশাপাশি তিনি নিজেও করেন একটি গোল।