২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের এই খেলা কোচের কাছে ‘অবিশ্বাস্য, অকল্পনীয়’

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে দলের পারফরম্যান্স থেকে বিশ্বকাপ বাছাইয়ের পথচলার অনুপ্রেরণা পাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।

বেঙ্গালুরু থেকে মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2023, 10:03 PM

Updated : 01 Jul 2023, 10:03 PM

সংবাদ সম্মেলনে হাভিয়ের কাবরেরার চোখে-মুখে, কণ্ঠে নানা অনুভূতির লুকোচুরির খেলা। জয় না পাওয়ার আক্ষেপ, দারুণ খেলার তৃপ্তি, এবারের সাফের পারফরম্যান্সে সাওয়ার হয়ে এগিয়ে যাওয়ার আশাবাদ-আরও অনেক কিছুই বললেন বাংলাদেশ কোচ। রেফারিং নিয়েও অসন্তোষ জানালেন, তবে সতর্ক সুরে। 

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শনিবার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমি-ফাইনালে কুয়েতের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের প্রথম অর্ধের যোগ করা সময়ে পিছিয়ে পড়ে দল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি তারা। 

গ্রুপ পর্বেই মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে জেতে বাংলাদেশ। ২০০৯ সালের পর প্রথমবারের মতো উঠে আসে সেমি-ফাইনালের মঞ্চে। শুরু থেকে শক্তিশালী কুয়েতের বিপক্ষেও খেলছিল গোছালো ফুটবল। কিন্তু সব এলোমেলো হয়ে যায় ওই গোলে। ম্যাচের ফলে তাই ভীষণ হতাশ কাবরেরা। 

“জয়টা আমাদের প্রাপ্য ছিল, আমার মনে হয় কুয়েত কোচও এটাই বলবে। গতকাল আমরা তিন-চারটি বিষয় গুছিয়ে নেওয়ার এবং মাত্র একটি সেশন করার সময় পেয়েছি। কিন্তু এরপরও দল যেভাবে পরিকল্পনা অনুযায়ী খেলেছে অবিশ্বাস্য এবং অকল্পনীয়। আমি মনে করি, আমরা জয়ের যোগ্য এবং এ কারণেই ফল নিয়ে হতাশ। কিন্তু ছেলেদের পারফরম্যান্সে গর্বিত আমি।” 

“এই হার মেনে নেওয়া কঠিন। দলের পারফরম্যান্স আসলেই দারুণ ছিল। যেভাবে আমরা খেললাম, এই টুর্নামেন্টে যে ধারাবাহিকতা দেখালাম, সেটা ছিল দুর্দান্ত। আগের ম্যাচগুলোর চেয়ে ছেলেদের আজকের পারফরম্যান্স আরও ভালো ছিল। আমাদের সুযোগ ছিল ফাইনাল খেলার।” 

দ্বিতীয় মিনিটেই কুয়েতকে কোণঠাসা করে ফেলতে পারত বাংলাদেশ। কিন্তু সুবর্ণ সুযোগ হারান শেখ মোরসালিন। দ্বিতীয়ার্ধে রাকিবের শট প্রতিহত হয় ক্রসবারে। ম্যাচের শেষ দিকে প্রাণপণ চাপ দিলেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। কাবরেরার হতাশা তাই আরও বেশি। 

“আবারও সুযোগ হারানোর দুঃখ আছে আমাদের। তবে কুয়েত এই টুর্নামেন্টে ফেভারিট দল এবং গ্রুপ সেরা হয়ে, টানা আট বা নয়টি ম্যাচ জিতে এখানে এসেছে এবং কেউ ভাবেনি আমরা তাদের বিপক্ষে ভালো করব। কিন্তু আমরা ফাইনালের পথেই ছিলাম। ৯০ মিনিটের মধ্যে প্রথম মিনিটেই (দ্বিতীয় মিনিট) সুযোগ পেলাম, আমার মনে হয়, যদি গোলটা পেতাম, তাহলে দ্বিতীয়ার্ধে কুয়েতকে চাপ দিতে পারতাম আরও। আমি মনে করি না, ওরা আমাদের বিপক্ষে বেশি সুযোগ তৈরি করেছে। ছেলেদের নিয়ে ইতিবাচক ছাড়া কিছুই বলার নেই আমার।” 

“বাংলাদেশের খেলার মান এটাই (কুয়েতের বিপক্ষের পারফরম্যান্স) হওয়া উচিত। আমাদের উচিত নয় এর নিচের মানের ফুটবল খেলা এবং এই মান ধরে রাখা উচিত আমাদের। কঠিন, কঠিন ম্যাচ হয়েছে, সাফ চ্যাম্পিয়নশিপে ছেলেদের পারফরম্যান্সে ভীষণ গর্বিত আমি।” 

মাঝেমধ্যে তান কেটে গেছে বটে, কিন্তু এবারের সাফে শুরু থেকে গোছালো ফুটবল উপহার দিয়েছেন জামাল-জনি-মোরসালিনরা। শক্তিশালী লেবাননের বিপক্ষে ড্রয়ের আশা জাগালেও শেষ দিকের ভুলে ২-০ গোলে হেরে যায় দল। মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও পরে ঠিকই দুই প্রতিপক্ষকে বাংলাদেশ গুঁড়িয়ে দেন একই স্কোরলাইনে, ৩-১ ব্যবধানে। 

টুর্নামেন্টের আরেক অতিথি দল কুয়েতের বিপক্ষে আশা জাগানীয়া ফুটবল খেলে হেরেছে বাংলাদেশ। আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে এই অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন কাবরেরা। 

“এই টুর্নামেন্টে এসে আমরা যেটা পেয়েছি, সেটা হচ্ছে পারফরম্যান্সের ধারাবাহিকতা। প্রস্তুতি ম্যাচসহ গত ছয় ম্যাচে দল ধারাবাহিকভাবে পারফরম করেছে। দেখিয়েছে র‌্যাঙ্কিংয়ের উপরের দিকের দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা সমার্থ্য আছে আমাদের। মেধাবী তরুণ এবং অভিজ্ঞদের মিশেলে আমাদের দলটা দারুণ। আমাদের সমর্থন দরকার। আমরা যদি এই মান ধরে রাখতে পারি, তাহলে বিশ্বকাপ বাছাই আমাদের জন্য সহজ হবে।” 

মিক্সড জোনে মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, কুয়েত ও লেবানন না থাকলে এবারের সাফে ফাইনাল খেলত বাংলাদেশ। কাবরেরার কণ্ঠেও একই সুর। তবে শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলে নিজেদের মান পরখ করতে পারাটাও তিনি দেখছেন ইতিবাচক দৃষ্টিতে।
“এক দৃষ্টিকোণ থেকে এভাবে দেখা যায়-এই শক্তিশালী দলগুলো না থাকলে আমরা এবারের সাফ চ্যাম্পিয়নশিপ জিততেও পারতাম। একইভাবে অন্য দিক থেকে দেখলে বলব, কুয়েত ও লেবানন ম্যাচ আমাদের উন্নতি করিয়েছে এবং আমাদের আরও শক্তিশালী করেছে। আমি মনে করি, তাদের মুখোমুখি হওয়া আমাদের জন্য ইতিবাচক এবং নিজেদের মান যাচাইয়ের সুযোগ।”

রেফারি জন ক্রিস্টালের রেফরিং নিয়ে অসন্তোষ আড়াল করেননি খেলোয়াড়রা। কাববেরা অবশ্য কৌশলে জানালেন নিজের অতুষ্টি।

“মাঠে যেটা হয়েছে তা নিয়ে মোটেও বিস্মিত নই। এই টুর্নামেন্টে এটা আমরা দেখেছি (আগেও), এমন কিছু ঘটতে পারে বলে মনে করছিল এবং হয়েছেও। কিন্তু রেফারিং নিয়ে মনে হয় না, আমরাই একমাত্র বলছি…এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না।”