মোহামেডানকে আবারও হারাল শেখ রাসেল
প্রথমে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরলেও শেষ রক্ষা হয়নি আলফাজ আহমেদের দলের।
প্রথম পর্বে একপেশে লড়াইয়ে জিতেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। এবার কিছুটা প্রতিরোধ মোহামেডান স্পোর্টিং ক্লাব গড়ল বটে, কিন্তু শেষ রক্ষা হলো না। তাদেরকে আবারও হারিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠল জুলফিকার মাহমুদ মিন্টুর দল।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার মোহামেডানকে ২-১ গোলে হারায় শেখ রাসেল। প্রথম দেখায় তারা জিতেছিল ২-০ গোলে।
দিনের অন্য ম্যাচে, ময়মনসিংহ স্টেডিয়ামে এএফসি উত্তরাকে ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
প্রথমার্ধ গোলশূন্য
গোলের মরিয়া প্রচেষ্টার ছাপ থাকল অনুপস্থিত। তাই কারো আক্রমণ হলো না তেমন একটা ধারাল।
ষষ্ঠ মিনিটে কর্নারে শেখ রাসেলের অ্যান্ড্রু মার্ভেজিও জালে বল জড়ালেও গোল হয়নি। অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড টোকা দেওয়ার আগেই ফাউলের বাঁশি বাজান রেফারি। দশম মিনিটে মোহামেডানের মোজাফ্ফরভের ফ্রি কিক দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। কেউ দিতে পারেননি দরকারি টোকা।
২২তম মিনিটে শেখ রাসেলের এমফন উদোহর শটও বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। ৩০তম মিনিটে আবারও সুযোগ তৈরি করেন তিনি। কিন্তু ছয় গজ বক্সের ভেতর থেকে দারুণ ভাবে বল ক্লিয়ার করেন ডিফেন্ডার মেহেদি মিঠু। পাঁচ মিনিট পর বক্সের কোণা থেকে মোহাম্মদ ইব্রাহিমের জোরাল শট ফিরিয়ে দেন মোহমেডান গোলরক্ষক গোলরক্ষক সুজন।
জামালের বদলি নেমে উচ্ছ্বাসের ঝলক
দ্বিতীয়ার্ধের শুরুতে জামাল ভূঁইয়ার বদলি নামেন নিহাদ জামান উচ্ছ্বাস। চার মিনিট পর ডান দিকের কর্নারের প্রান্ত থেকে এই ফরোয়ার্ডের কাট ব্যাক খুঁজে পায় বক্সে ভালো অবস্থানে থাকা ইকেচুকু কেনেথকে। নিখুঁত নিচু শটে জাল খুঁজে নেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড।
সানডের গোলে সমতা
লিগে ধুঁকতে থাকা মোহামেডান স্বস্তি পেয়েছিল এমানুয়েল সানডের গোলে। কিন্তু তা উবে যেতেও সময় লাগেনি। ৬৭তম মিনিটে স্কোরলাইন ১-১ হওয়ার পর ৭৮তম মিনিটে এমফন উদোহ ফের ব্যবধান বাড়ান। বাকিটা সময় এই ব্যবধান আর ঘোচাতে পারেনি মোহামেডান।
চলতি লিগে এটি মোহামেডানের পঞ্চম হার। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ‘সাদা-কালো’ জার্সিধারীরা লিগ টেবিলে আছে পঞ্চম স্থানে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা শেখ রাসেল ২১ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
