‘জয় নিয়েই মাঠ ছাড়ব’, ছোটনের আত্মবিশ্বাসী উচ্চারণ
ভুটানকে সমীহ করলেও ফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন।
বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন কখনও সতর্ক, কখনও ভীষণ আত্মবিশ্বাসী। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে প্রতিপক্ষ ভুটানকে ছোট করে দেখছেন না বলে জানালেন। নিজ দলের প্রতি প্রবল আস্থার প্রকাশও শোনা গেল তার কণ্ঠে- “ইনশাল্লাহ, জয় নিয়েই মাঠ ছাড়ব।”
নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টায় প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
টানা তিন জয়ে গ্রুপে সেরা হয়ে শেষ চারে এসেছে বাংলাদেশ। এক জয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে পরের ধারে এসেছে ভুটান।
সাফের ভুটানের বিপক্ষে বাংলাদেশের হারের অতীত নেই, তিন ম্যাচের সবগুলোতে আছে জয়ের গল্প। কোনো গোল হজম করার পরিসংখ্যানও নেই, বরং আছে ১২ গোল দেওয়া তৃপ্তি। তবে পরিসংখ্যানের এই আত্মতৃপ্তিতে ভুগছেন না বাংলাদেশ কোচ। শ্রীলঙ্কার জালে পাঁচ গোল করে আসা ভুটানকে সমীহ করছেন তিনি।
“তারা শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে এসেছে, তাদেরকে ছোট করে দেখার সুযোগ নেই। আমরা যখন থেকে শুরু করেছি, কখনই কোনো দলকে ছোট করে দেখিনি।”
এবারের সাফে দারুণ গতিতে ছুটছে বাংলাদেশ। পাকিস্তানকে ৩-০ গোলে হারানোর পর মালদ্বীপকে সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকাররা উড়িয়ে দেন ৬-০ ব্যবধানে। প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ হয় বাংলাদেশ। ছোটনের চাওয়া গত তিন ম্যাচের সুর ধরে রাখুক তার শিষ্যরা।
“আমার যে দর্শন, তা হচ্ছে তিনটা ম্যাচ মেয়েরা খেলে এসেছে, এখন আরেকটা ম্যাচে পারফরম করা এবং সেমি-ফাইনাল হচ্ছে নকআউট খেলা, এটা কোনো লিগের খেলা না। এই দুই দিন সব বিষয় নিয়ে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। মেয়েরাও অবগত আছে এবং তারা সেমি-ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত; আল্টিমেটলি আমাদের (আগের ম্যাচগুলোর) পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে হবে এবং জয়লাভ করতে হবে।”
“আমরাও ওইভাবেই ভুটানকে শ্রদ্ধা করছি। অবশ্যই তারা ভালো খেলে সেমি-ফাইনালে এসেছে। অবশ্যই তারা শক্তিশালী। আমরাও পুরো শক্তি নিয়ে নামব এবং তা প্রয়োগ করব। আমরা আমাদের খেলা খেলব, ইনশাল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়ব।”
ছোটনের একটু দুর্ভাবনা বাড়িয়েছে ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার পেশির চোট। তবে গত তিন ম্যাচে তিন গোল করা এই ফরোয়ার্ডকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ। ফাইনালে ওঠার লড়াইয়ে সবাই প্রস্তুত বলেও জানালেন তিনি।
“প্রতিটি ম্যাচেই সব খেলোয়াড়ই প্রস্তুত থাকে, যেই সুযোগ পায়, সেরাটা দেওয়ার চেষ্টা করে। প্রস্তুতির ভালো দিক হচ্ছে, সবার ফোকাস আছে। স্বপ্নার কাফ মাশলে একটু ব্যথা আছে, আজকে ওয়ার্মআপের পরে ওকে বিশ্রাম দিয়েছি, যাতে করে কাল খেলতে পারে। বাকি সবাই ভালো আছে।”
