২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি হোঁটের শঙ্কায় দলকে উজ্জীবিত করতে যা বলেছিলেন গুয়ার্দিওলা

তার খেলোয়াড়দের নতুন করে প্রমাণের কিছু নেই বলেও মনে করেন ম্যানচেস্টার সিটি কোচ।

আরেকটি হোঁটের শঙ্কায় দলকে উজ্জীবিত করতে যা বলেছিলেন গুয়ার্দিওলা

লুটন টাউনের বিপক্ষে জয়সূচক গোল করা জ্যাক গ্রিলিশের সঙ্গে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 05:32 PM

Updated : 11 Dec 2023, 05:38 PM

পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে দল যে জয় পেয়েছে, তাতে কেবল স্বস্তি নয়, ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা পেয়ে গেছেন সমালোচনার জবাবও। তবে, যে প্রশ্নই উঠুক, যত সমালোচনাই হোক না কেন, তার দলের নতুন করে কিছু প্রমাণের নেই বলে মনে করেন এই স্প্যানিশ কোচ।

পিছিয়ে থাকা অবস্থায় দলকে উজ্জীবিত করতে কী বলেছিলেন, সেটাও জানালেন সিটিকে টানা তিন মৌসুমে লিগ চ্যাম্পিয়ন করানো গুয়ার্দিওলা।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার লুটন টাউটনকে ২-১ গোলে হারায় সিটি। এলাইজা আদেবায়োর গোলে পিছিয়ে পড়ার পর সিটিকে সমতায় ফেরান বের্নার্দো সিলভা। একটু পর ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন জ্যাক গ্রিলিশ।

চার ম্যাচ পর জয়ে ফেরার তৃপ্তি ঝরল গুয়ার্দিওলার কণ্ঠে। কঠিন সময়ে সমলোচনার শিকার হওয়া শিষ্যদের পাশে তিনি থাকলেন বরাবরের মতোই।

“তারা কতটা সামর্থ্যবান, তাদেরকে আমার কাছে এর প্রমাণ দিতে হবে না। অসাধারণ মানসম্পন্ন ও দৃঢ় মানসিকতার খেলোয়াড়দের নিয়ে গড়া দল এটি। কিন্তু এই প্রতিযোগিতা এবং এর চাহিদায় তাদেরকে আবারও প্রমাণ দিতে বলে।”

“এটা যেন স্বাভাবিক ও সাধারণ বিষয়। (তারা বলে) ‘হ্যাঁ, সিটি আগের মতো নেই, সিটি শেষ।‘ তাহলে, ছেলেদেরকে তাদের ভুল প্রমাণ করতে হবে। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, এবং আমি সেখানে ছেলেদের পাশে থাকতে চাই। দারুণ হবে এবং আমি আগেও বলেছি-এটা (সমালোচনা) আমাদের প্রয়োজন।” 

প্রথমার্ধে সিটির খেলায় তেমন আগ্রাসীভাব ছিল না। বিরতির আগে পিছিয়ে পড়ায় কিছুটা বিমর্ষও হয়ে পড়ে তারা। তবে দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরেন সিলভা-গ্রিলিশরা। গুয়ার্দিওলা জানালেন, কোন টোটকায় শিষ্যদের করেছিলেন উজ্জীবিত।

“আমি ছেলেদের বললাম, আমাদের কী করতে হবে? নিজেদের জন্য দুঃখ অনুভব করব? আমাদের কষ্ট পাওয়ার কারণ নেই। এটাই ফুটবল। এরকম হয়।” 

“এখন আমাদের কী করতে হবে? খেলতে হবে? নিজেদের নিয়ে অভিযোগ করতে হবে? স্ট্রাইকাররা, তোমরা আরও আগ্রাসী হও, গোল করো। শেষ সময়ের ক্রসগুলো সামলাও এবং ইতিবাচক থাকো। নিজেদের কাছে আমাদের প্রত্যাশা অবশ্যই আরও বাড়াতে হবে।” 

এই টোটকায় অনুপ্রাণিত হয়ে দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মধ্যেই দুই গোল তুলে নেয় সিটি। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমিয়ে আনে চারে। ৩৭ পয়েন্ট নিয়ে লিগে টেবিলে শীর্ষে আছে ইয়ুর্গেন ক্লপের দল।