২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিউস-রাফিনিয়াদের পাশে পেয়ে ‘বিশ্বকাপ রাঙাবে’ নেইমার

‘দা ফেনোমেনন’ রোনালদোর বিশ্বাস, আগে কখনোই এত ভালো ও মেধাবী সতীর্থদের পায়নি নেইমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 06:41 PM

Updated : 15 Oct 2022, 06:41 PM

সেই ২০১৪ বিশ্বকাপ থেকে একেকটি বড় টুর্নামেন্ট আসে আর ব্রাজিলিয়ানরা নতুন স্বপ্ন দেখতে শুরু করে নেইমারকে ঘিরে। কাতার বিশ্বকাপ সামনে রেখে ‘আরও পরিণত’ হয়ে ওয়ে ওঠা পিএসজি তারকার ওপর ভারটা আগের চেয়ে বেশি বলেই ধারণা করা যায়। অতীতে অসহনীয় এই চাপ সামলে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারেননি নেইমার। এবার পারবেন? 

‘দা ফেনোমেনন’ রোনালদো অবশ্য আশাবাদী। আর ওই চাপের বিষয়ে তার বিশ্বাস, আগে কখনোই এত ভালো ও দক্ষতাসম্পন্ন সতীর্থ পাননি নেইমার। 

ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, আন্তোনিরা-তরুণ এবং দারুণ প্রতিভাবান এই খেলোয়াড়রা নেইমারকে চাপ সামলাতে সাহায্য করবে, দায়িত্ব ভাগ করে নেবে-যা দলকে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পথে চালিত করবে বলে বিশ্বাস রোনালদোর। 

বিশ্বমঞ্চে দল ও বিশেষ করে কোনো একজন খেলোয়াড়ের ওপর চাপ কতটা হতে পারে, তার সঙ্গে ভালোভাবেই পরিচিত রোনালদো। ব্রাজিলের দুটি বিশ্বকাপ জয়ী দলের সদস্য এবং এর মধ্যে ২০০২ বিশ্বকাপ জয়ের মূল কাণ্ডারি ছিলেন তিনি। ২০ বছর আগে জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ আয়োজনের ওই বিশ্বকাপে সবশেষ শিরোপা জেতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যে আসরে ৮ গোল করে গোল্ডেন বুট অর্জন করেন রোনালদো। 

পেশাদার ক্যারিয়ারের শুরু থেকে তারকা খ্যাতি পেয়ে গেছেন নেইমার। ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় পাড়ি দেওয়ার পর সেখানে তিনি সাফল্যও পেয়েছেন দু’হাত ভরে। স্বাভাবিকভাবেই তার ওপর বাড়ে প্রত্যাশা এবং ক্রমে তা বেড়েই চলেছে; কিন্তু এখন পর্যন্ত দেশকে বিশ্বকাপের ফাইনালে তুলতে পারেননি তিনি। 

সবশেষ ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে হেরে বিদায় নেয় ব্রাজিল। বৈশ্বিক আসরে ব্যর্থতার বৃত্ত এবার নেইমার ও তার দল ভাঙতে পারবেন কি-না, সেটা সময়ই বলে দেবে। তবে রোনালদো আশায় দিন গুনছেন। মাদ্রিদে শুক্রবার নিজের ডকুমেন্টারি ফিল্ম ‘দা ফেনোমেনন’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের আগে রয়টার্সকে শোনান, উত্তরসূরিকে নিয়ে তার আস্থা ও প্রত্যাশার কথা।

“যাই হোক না, চাপ নেইমারের ওপরই থাকবে, সে ব্রাজিলের সুপারস্টার এবং তার পাশে খেলছে কে, এক্ষেত্রে সেটা মুখ্য নয়।” 

“আমি ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়াকে পছন্দ করি। আমার বিশ্বাস, ব্রাজিল জাতীয় দলে এই নতুন প্রজন্মের কাছ থেকে সে (নেইমার) আগের যেকোনো সময়ের চেয়ে মাঠে সেরা সহায়তা পাবে।” 

বিশ্বকাপের গত তিন আসরে দুবার কোয়ার্টার-ফাইনাল ও একবার সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। ওই আসরগুলোর চেয়ে এবারের ব্রাজিল দলটি শক্তিশালী বলেও মনে করেন রোনালদো। 

“নিশ্চিতভাবেই, গত তিন বিশ্বকাপের চেয়ে এবারের ব্রাজিল দলটি ভালো। তবে মূল দায়িত্ব সবসময়ই দলের সবচেয়ে বড় তারকার ওপর থাকে, আর সেটা নেইমার।” 

আগামী ২০ নভেম্বর শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। 

বাছাই পেরিয়ে সবার আগে কাতারের টিকেট কাটা ব্রাজিল আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।