২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির ‘ওরা ১১ জন’ হয়ে ওঠার সময়

আট বছর পর আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে কাতারে যাবে হান্স ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়া জার্মানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 09:41 AM

Updated : 17 Nov 2022, 07:17 PM

কান পাতলে আজও শোনা যায় জার্মান কোচ সেপ হেরবেরগারের ৬৮ বছর আগে বলা সেই কথাগুলো-তোমরা ১১ জন অবশ্যই বন্ধু হবে। হেলমুট রান, মাক্স মোরলকরা পেরেছিলেন সত্যিকারের বন্ধু হতে। ১৯৫৪ বিশ্বকাপের ফাইনালে ফেরেঙ্ক পুসকাস, সান্দোর ককসিস, নান্দর হিদেকুটিদের দুর্বার হাঙ্গেরিকে বিষাদের সাগরে ডুবিয়ে শিরোপা উৎসব করেছিল সেসময়কার পশ্চিম জার্মানি। লিখেছিল প্রথম বিশ্বকাপ জয়ের অনির্বচনীয় গল্পও। 

এই মন্ত্র হৃদয়ে গেঁথে নিয়ে জার্মানি দলীয় সাফল্যের উচ্ছ্বাসে ভেসেছে, একাধিকবার। দলীয় স্পিরিট, লড়াকু মনোভাব এবং প্রজন্মের পর প্রজন্মের মধ্যে বেজে চলা ঐক্যতানের সুরে বড় আসরে বাজিমাত করেছে তারা। 

মুদ্রার উল্টোপিঠে শঙ্কার কথাও আছে। যদি দলের মধ্যে সঠিক ছন্দ এবং আবহ না থাকে, তাহলে সবকিছুতে জটলা পাকিয়ে যেতে পারে, হয়ে উঠতে পারে কঠিন। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে মুদ্রার উল্টোপিঠ দেখেছিল জার্মানি। দেশ ও দশের চাপ, নিজেদের উপর প্রত্যাশার চাপ সামাল দিতে পারেননি মানুয়েল নয়ার-টনি ক্রুসরা। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার অবিশ্বাস্য ব্যর্থতা সঙ্গী হয় তাদের; বিশ্বকাপের ইতিহাসে যা দেশটির সবচেয়ে বাজে পারফরম্যান্স। 

দলের মান, ফিনিশিংয়ের দুর্বলতা এবং ৯০  মিনিট জুড়ে মানসিক দৃঢ়তা ধরে রাখার ক্ষেত্রে বর্তমান জার্মান দলটির সমস্যা স্পষ্টতই ফুটে উঠেছিল ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইয়ে এবং উয়েফা নেশন্স লিগে। তাই আরও বেশি উত্তেজনা নিয়ে দেখার অপেক্ষা থাকছে, কাতারে জামাল মুসিয়ালা-নয়াররা প্রথা অনুযায়ী একটা দলে রূপান্তরিত হতে কিংবা নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারেন কিনা। 

ফ্লিকের কৌশল এবং মানসিকতা

প্রত্যাশা পূরণের ছক কষবেন হান্স ফ্লিক। দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালনের পর ইওয়াখিম লুভ জার্মানির হাল ছেড়ে দেন ২০২১ সালের অগাস্টে এবং গুরুভার ওঠে তারই এক সময়ের সহকারী ফ্লিকের কাঁধে। ৫৭ বছর বয়সী এই কোচ জার্মান ফুটবলের বৈশিষ্ট্যের প্রতি সৎ থেকে যোগ করলেন বল পজেশন ধরে রাখা, দৃষ্টিনন্দন ফুটবল খেলার নিজস্ব শৈলী, যেটা তিনি বায়ার্ন মিউনিখের কোচ থাকার সময় করে সমর্থকদের প্রশংসা কুড়িয়েছিলেন। 

জার্মানরা এখনও পজেশনভিত্তিক ফুটবল খেলে এবং বলের নিয়ন্ত্রণ রাখতে মনোযোগী। সেখানে ফ্লিক বাড়তি কিছু যোগ করেছেন। যত দ্রুত সম্ভব প্রতিপক্ষকে চাপে ফেলতে সব পজিশনে আরও নমনীয়তা এনেছেন। এই ছকে গুরুত্বপূর্ণ হচ্ছে, সবাই পরস্পরকে সহযোগিতা করতে পারে, যাতে করে তারা যে কোনো প্রতি-আক্রমণ মুকুলেই ধ্বংস করে দিতে সক্ষম। তারপরও জার্মানিকে সেমি-ফাইনালে ওঠার ন্যুনতম লক্ষ্য পূরণ করতে হলে ফ্লিককে কাজ করতে হবে বল বন্টনের চূড়ান্ত সময়ে আরও নির্ভুল এবং ফিনিশিংয়ে আর কার্যকরী হওয়া নিয়ে। 

নয়ারের হাতে নাটাই 

তাকে নিয়ে যখনই কথা বলা হয়, সেটা মূলত তার খেলার স্টাইল কীভাবে ফুটবলে বৈপ্লবিক পরিবর্তন আনল, সেটা নিয়েই বলা বলা হয়। এর কারণও আছে। গোলরক্ষক হলেও নয়ার প্রথাগতভাবে একেবারে পোস্টের নিচে বসে থাকেন না; তার পজিশন সেন্টার ব্যাকের পেছনে এবং বেশ কাছাকাছি। শুধু পোস্ট আগলে রাখাই নয়, এই পজিশনে থেকে পেছন থেকে তিনি গেম বিল্ড-আপে সহযোগিতা করেন। যদিও বয়স ৩৬, কিন্তু এখনও নয়ারকে বিশ্বসেরা গোলকিপারদের একজন বলে ধরা হয় এবং ফুটবলে সম্ভাব্য সব শিরোপার স্বাদও পেয়েছেন তিনি! 

সুইপার-কিপার হিসেবে নয়ারের ভূমিকা নিয়ে বরং কম বলা উচিত, বেশি বলা উচিত অধিনায়কত্বের গুণ নিয়ে। সতীর্থদের জন্য তার দরজা সবসময় খোলা, উন্মুখ। পারফরম্যান্সের ধারাবাহিকতা এবং মাঠে ও মাঠের বাইরে যোগাযোগের দক্ষতা সত্যিকার অর্থে বাকিদের চেয়ে তাকে আলাদা করেছে। ২০১৬ সাল থেকে অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠেছে তার বাহুতে এবং কাতার বিশ্বকাপেও জার্মান দলের সুর-ছন্দ ধরে রাখতে নির্ণায়কের ভূমিকায় থাকবেন তিনিই। 

চোখ থাকবে জামাল মুসিয়ালার উপর 

এই জার্মান ফুটবলের মুকুটে রত্ন হচ্ছেন মুসিয়ালা। ১৯ বছর বয়সী এই তরুণের জন্ম জার্মানিতে, বেড় ওঠা মূলত ইংল্যান্ডের আলো-বাতাসে। যে কারণে জাতীয় দল হিসাবে জার্মানি বা ইংল্যান্ডকে বেছে নেওয়ার কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়ার আগে বয়সভিত্তিক পর্যায়ে দুই দলের হয়ে খেলার অভিজ্ঞতা তার হয়েছে। সে সময় ১৭ বছর বয়সী মুসিয়ালাকে খুব করে চেয়েছিল দুটি দেশ। শেষ পর্যন্ত হৃদয়ের ডাক শুনে, ইংল্যান্ডের আশা গুঁড়িয়ে মুসিয়ালা বেছে নেন জন্মভূমি জার্মানিকে। 

শুধু এই কারণে যে মুসিয়ালা জার্মানির সমর্থকদের কাছে জনপ্রিয় এবং জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রিয়পাত্র, তা নয়। বিনয়ী আচরণ, দৃঢ় সংকল্প এবং একই সঙ্গে  ফুটবলীয় দক্ষতা দিয়ে তিনি মন জয় করে নিয়েছেন সবার। মাঠের যেকোনো পজিশনে খেলতে পারার মুন্সিয়ানা দেখিয়েছেন মুসিয়ালা। এমনকি অ্যাটাকিং মিডফিল্ডেও তিনি সচ্ছন্দ এবং তরুণ বয়সে এরই মধ্যে তিনি ফ্লিকের দলে গুরুত্বপূর্ণ সদস্য। মুসিয়ালাকে নিয়ে মুগ্ধতার কথা বলেছেন জার্মান কোচও। 

“এত নরম পায়ে এবং এত নির্ভার চিত্তে সে যেভাবে ফুটবল খেলে, তা দারুণ এবং আশা করি, এটা দীর্ঘদিন চলবে। চাপের মধ্যে থাকার সময়েও সে ভালো সমাধান খুঁজে নেয় এবং দলের জন্য ইতিবাচক।” 

“সে প্রতিপক্ষকে পেছনে ফেলে ছুটতে পারে, প্রতিপক্ষের জীবন কঠিন করে তুলতে পারে এবং একই সময়ে রক্ষণ জমাট রেখে আমাদের খেলার জন্য জায়গা তৈরি করে দিতে পারে। আমি খুশি যে, সে এভাবে উন্নতি করছে এবং আশা করি, সে এই পথে এগিয়ে যাবে, খ্যাতির তোড়ে ভেসে যাবে না এবং উন্নতি চালিয়ে যাবে।”  

জার্মানির বিশ্বকাপ ইতিহাস 

একটু-আধটু হতাশার গল্প বাদ দিলে বিশ্বকাপের সঙ্গে জার্মানির সম্পর্কের ইতিহাস দারুণ এবং বিশ্বকাপ নিয়ে তাদের আবেগের তীব্র প্রকাশও পরিসংখ্যানেই স্পষ্ট। ব্রাজিলের পর তারাই প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে সফল দল; ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ এবং ২০১৪- মিলিয়ে চারবার শিরোপা উৎসব করেছে, চারবার রানার্সআপ হয়েছে (১৯৬৬, ১৯৮২, ১৯৮৬ ও ২০০২)। তিনবার হয়েছে তৃতীয়। 

বিশ্বকাপের ইতিহাসে সেরা স্ট্রাইকারদের তালিকায় জার্মানির খেলোয়াড়দের থাকাটা তাই মোটেও বিস্ময়ের কিছু নয়। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা (১৬টি), তৃতীয় সর্বোচ্চ গোলদাতা জার্ড মুলার (১৩টি)-দুজনেই বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ আসরের পারফরম্যান্স দিয়ে অর্জন করেছেন কিংবদন্তির স্বীকৃতি। 

মুলার, ক্লোসাদের সাফল্যের গল্প কাতারে নয়ার-মুসিয়ালারা লিখতে পারবেন কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা। ‘ই’ গ্রুপে তাদের মিশন শুরু হবে ২৩ নভেম্বর, জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপের বাকি দুই দল-স্পেন ও কোস্টা রিকা।