০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে জার্মান কোম্পানিগুলোর ব্যবসার আগ্রহ বাড়ছে: রাষ্ট্রদূত

আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন রাষ্ট্রদূত রুডিগা লৎস।

বাংলাদেশে জার্মান কোম্পানিগুলোর ব্যবসার আগ্রহ বাড়ছে: রাষ্ট্রদূত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বুধবার সৌজন্য সাক্ষাত করেন ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত রুডিগা লৎস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 12:39 AM

Updated : 08 Oct 2026, 12:39 AM

বিনিয়োগবান্ধব পরিবেশের প্রেক্ষাপটে বাংলাদেশে জার্মান কোম্পানিগুলোর ব্যবসার আগ্রহ বাড়ার কথা বলেছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত রুডিগা লৎস।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত একথা বলেন।

তাদের আলোচনার বিষয় তুলে ধরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার কথা তুলে ধরেছেন রাষ্ট্রদূত এবং দেশে বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি জার্মান কোম্পানিগুলোর বর্ধমান আগ্রহের কথা বলেছেন।

“দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন রাষ্ট্রদূত লোটৎস। এক্ষেত্রে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) দ্রুত চূড়ান্ত করা, এভিয়েশন খাতে বাড়তি সহযোগিতা এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের সঙ্গে জনগণের বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা এবং উন্নয়ন সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন প্রতিমন্ত্রী। বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, ক্লাইমেট অ্যাকশন, সংস্কৃতি এবং অভিবাসন ও যাতায়াতকে গুরুত্ব দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।”

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনায় থাকার কথাও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।