২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ম্যানসিটির অর্জন কেউ কেড়ে নিতে পারবে না’

ম্যানচেস্টার সিটির লিগ শিরোপা কেড়ে নেওয়া হলেও ক্লাবের সাফল্য সবসময় তাদেরই থাকবে বলে মনে করেন কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 08:25 PM

Updated : 12 Feb 2023, 08:25 PM

আর্থিক নিয়ম ভাঙার অভিযোগে বেশ বড় ঝুঁকিতে আছে ম্যানচেস্টার সিটি। অভিযোগ প্রমাণিত হলে কেড়ে নেওয়া হতে পারে তাদের তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা। তবে, এমন কিছু হলেও ক্লাবের সাফল্য সবসময় তাদেরই থাকবে বলে মনে করেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা। 

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিটির বিরুদ্ধে একশর বেশি নিয়ম ভাঙার অভিযোগ চলতি মাসের শুরুতে আনে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। বিষয়টি একটি স্বাধীন কমিশনের কাছে পাঠানো হয়েছে। দোষী প্রমাণিত হলে লিগ থেকে বহিষ্কারাদেশসহ বিভিন্ন শাস্তির মুখোমুখি হতে পারে ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটি।

অভিযোগের এই সময়টার মধ্যে সিটি লিগ শিরোপা জেতে তিনটি, যার একটি গুয়ার্দিওলার কোচিংয়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানে শনিবার এই স্প্যানিশ কোচ বলেন, তদন্তের ফলাফল যাই হোক না কেন, তাদের অর্জন মুছে যাবে না কখনও।

“অনুভূতি, ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত, কেউ এসব কেড়ে নিতে পারবে না। অবশ্যই সবকিছু আমাদের থাকবে। প্রিমিয়ার লিগ সিদ্ধান্ত নেবে। তবে আমরা কী জিতেছি, কীভাবে জিতেছি, আমাদের প্রচেষ্টা কেমন ছিল, তা আমরা জানি।” 

গুয়ার্দিওলা এর আগে বলেছিলেন যে, ক্লাবের আর্থিক বিষয়ে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফার তদন্তের সময় যদি তাকে মিথ্যা বলা হয়ে থাকে, তাহলে তিনি সিটি ছেড়ে চলে যাবেন। তবে বর্তমান পরিস্থিতিতে তার পদত্যাগ করার কোনো ইচ্ছা নেই বলেই জানান বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ।