২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিয়াসের চোটে আরও বিপদে লিভারপুল

ডিসেম্বরের শেষ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে এই ফরোয়ার্ডকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 07:34 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

দুঃসময়ের মধ্যে পথচলা লিভারপুলের জন্য মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে লুইস দিয়াসের চোট। আর্সেনালের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন এই কলম্বিয়ান ফরোয়ার্ড। এই চোটে আগামী ডিসেম্বরের শেষ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। 

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে আর্সেনালের কাছে ৩-২ গোলে হারে লিভারপুল। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে আছে ইয়ুর্গেন ক্লপের দল। 

দিয়াসের হাঁটুর চোটের যে অবস্থা, তাতে অস্ত্রোপচার লাগবে না। কিন্তু ২০ নভেম্বর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপের আগে ক্লাব পর্যায়ের প্রতিযোগিতাগুলোয় যে ঠাসা সূচি আছে, সে ম্যাচগুলোতে তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে ইংল্যান্ডের গণমাধ্যমগুলো। 

লিভারপুলের আশা আগামী ২৬ ডিসেম্বর অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরবেন দিয়াস। বিশ্বকাপের পর এটিই লিভারপুলের প্রথম ম্যাচ। অবশ্য বাছাইয়ের বৈতরণী পেরুতে না পারায় বিশ্বকাপে খেলা হচ্ছে না দিয়াসের দল কলম্বিয়ার। 

লিভারপুলের ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডও রোববারের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন। ক্লপ জানিয়েছেন, দিয়াস ও অ্যালেক্সান্ডার-আর্নল্ডের চোটের অবস্থা ভালো নয়। 

“বিরতির আগেই দিয়াসকে মাঠ থেকে উঠিয়ে নিতে হয়েছিল, তার হাঁটুতে কিছু একটা হয়েছে, যেটা ভালো নয়।” 

এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচ খেলেছেন দিয়াস। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন তিনটি।