Published : 25 Nov 2022, 01:31 PM
ক্লাব ফুটবলে খুব একটা সাড়া পাওয়া যায় না। কিন্তু বিশ্বকাপ এলেই চীনের প্রাচীর হয়ে গোলের সামনে দাঁড়িয়ে যান গিয়েরমো ওচোয়া। যার ছাপ দেখা গেছে পোল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে। এবার আর্জেন্টিনার বিপক্ষে কঠিন পরীক্ষার জন্যও নিজেকে প্রস্তুত ঘোষণা করেছেন মেক্সিকোর অভিজ্ঞ এই গোলরক্ষক।
লুসাইল স্টেডিয়ামে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ‘সি’ গ্রুপের ম্যাচটি।
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের অপ্রত্যাশিত হারে যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। অন্যদিকে পোল্যান্ডের সঙ্গে গোল শূন্য ড্র করেছে মেক্সিকো। ওই ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন ওচোয়া। রবের্ত লেভানদভোস্কির পেনাল্টি ঠেকিয়ে দলকে ১ পয়েন্ট এনে দিয়েছেন তিনি।
১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে অস্কার বনফিলিওর পর ফের মেক্সিকোর গোলরক্ষক হিসেবে মূল ম্যাচে পেনাল্টি ঠেকানোর কৃতিত্ব দেখিয়েছেন ওচোয়া। ওই ম্যাচের আত্মবিশ্বাস থেকে এবার লিওনেল মেসির বিপক্ষে পরীক্ষা দিতে তৈরি মেক্সিকোর অধিনায়ক।
“আমরা উঠে দাঁড়িয়ে লড়াই করতে প্রস্তুত। মেসির মধ্যে ওই জাদু আছে। মনে হবে সে কিছুই করছে না। কিন্তু পরের মুহূর্তেই সব কিছু সুরাহা করে গোল দিয়ে দেবে।”
“এটি ভালো চ্যালেঞ্জ হতে চলেছে। মোটেও সহজ হবে না। মেসি ইতিহাস ও বিশ্বের সেরাদের একজন, যদি সেরা নাও হয়। তার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলার চেয়ে ভালো আর কী-ইবা হতে পারে।”
ওচোয়া মনে করেন, সেরাদের বিপক্ষে নিজেকে পরীক্ষা করার সবচেয়ে ভালো মঞ্চ বিশ্বকাপ। তাই কঠিন দলের বিপক্ষে না পালিয়ে লড়াই করে জিততে চান ৩৭ বছর বয়সী এ গোলরক্ষক।
“আমি কখনও এটি বলতে পছন্দ করি না যে, ‘এর বিপক্ষে খেলব না, ওর বিপক্ষে খেলব না কারণ তারা কঠিন।’ বরং আমি তাদের বিপক্ষে বিশ্বকাপে খেলতে চাই। আমি ভালো ম্যাচ খেলতে চাই এবং তাদের হারাতে চাই।”