Published : 25 Jul 2026, 08:25 PM
ফুলহ্যামের বয়সভিত্তিক দলে আলো ছড়িয়ে প্রাক-মৌসুমের প্রস্তুতিতে সিনিয়র টিমের সঙ্গী হয়েছিলেন ফারহান আলি ওয়াহিদ। প্রধান কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গে অনুশীলন করায় তার মূল দলে খেলার জোরাল সম্ভাবনা জাগে। সেটাই এবার সত্যি হলো। নরিচ সিটির বিপক্ষে প্রীতি ম্যাচে ফুলহ্যামের সিনিয়র টিমের হয়ে খেললেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ উইঙ্গার।
শনিবারের ম্যাচটিতে ২-০ গোলে হেরেছে ফুলহ্যাম। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামেন ১৯ বছর বয়সী এই তরুণ উইঙ্গার। তার একটি প্রচেষ্টা ফিরিয়ে দেন নরিচ গোলকিপার।
ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত মৌসুমে ১৭ ম্যাচে খেলে সাত গোল করেন ফারহান। অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেকে তিনি পান জালের দেখা।
ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার চতুর্থ মাসেই, পিএলটু-এর গত নভেম্বরের সেরা খেলোয়াড় হন তিনি। বয়সভিত্তিক দলটির হয়ে ওই সময়ে দুই ম্যাচ খেলে করেন তিন গোল।
ফারহানের বাংলাদেশের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে তার পাসপোর্টের কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহে বায়োমেট্রিক হওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।
প্রিমিয়ার লিগের মূল আসরে ফুলহ্যামের হয়ে ফারহান খেলতে নামলে, তিনি হবেন হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ইংল্যান্ডের সর্বোচ্চ স্তরের খেলা ফুটবলার।