গাম্পের ট্রফিতে বার্সেলোনার সামনে এবার আল আহলি
প্রথম মিশরীয় ও প্রথম আফ্রিকান ক্লাব হিসেবে ঐতিহ্যবাহী ম্যাচটি খেলবে আল আহলি।
নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক ম্যাচ হোয়ান গাম্পের ট্রফির প্রতিপক্ষ চূড়ান্ত করেছে বার্সেলোনা। ঐতিহ্যবাহী ম্যাচটিতে মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে খেলবে স্প্যানিশ জায়ান্টরা।
ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি হোয়ান গাম্পেরের নামানুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। এই ট্রফির ৬১তম আসরে আগামী ১৯ অগাস্ট কাম্প নউয়ে আল আহলির মুখোমুখি হবে লা লিগা চ্যাম্পিয়নরা।
এই ম্যাচে অংশগ্রহণকারী প্রথম মিশরীয় ও প্রথম আফ্রিকান ক্লাব হবে আল আহলি। তবে তারা এর আগেও দুইবার বার্সেলোনার মুখোমুখি হয়েছে।
এই দুই দল প্রথম ১৯৬১ সালে একটি প্রীতি ম্যাচে খেলেছিল। এরপর ২০০৭ সালে আল আহলির শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আবারও মুখোমুখি হয় তারা।
গত মৌসুমে গাম্পের ট্রফিতে ইতালিয়ান ক্লাব কোমোকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা।
