১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিশুশিল্পী খুঁজতে আসছে ‘শাপলাকুঁড়ির’ নতুন আসর

কিরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীত— এ ছয় বিষয়ে ১২টি অঞ্চলে প্রতিযোগিতা হবে।

শিশুশিল্পী খুঁজতে আসছে ‘শাপলাকুঁড়ির’ নতুন আসর
‘শাপলাকুঁড়ি’ প্রতিযোগিতার নতুন আসর সম্পর্ক জানাতে রোববার  চ্যানেল আইয়ে সংবাদ সম্মেলনে আসে জিয়া শিশু একাডেমি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 12:03 AM

Updated : 11 Sep 2026, 03:44 PM

দেশের প্রতিভাবান শিশুশিল্পী খুঁজতে ‘শাপলাকুঁড়ির’ নতুন আসর নিয়ে আসছে জিয়া শিশু একাডেমি।

এবার প্রতিযোগিতাটি সরাসরি প্রচার করবে টেলিভিশন স্টেশন—  চ্যানেল আই।

‘যেখানে প্রতিভা, সেখানেই আমরা’ স্লোগান নিয়ে এবার হতে যাচ্ছে শাপলাকুঁড়ির ১৪তম আসর।

প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ অগাস্ট পর্যন্ত।

রোববার চ্যানেল আইয়ে এক সংবাদ সম্মেলনে জিয়া শিশু একাডেমি বলেছে, কিরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীত— এই ছয় বিষয়ে প্রতিযোগিতা হবে। দেশের ১২টি অঞ্চলের প্রাথমিক বিজয়ীরা মূল পর্বে সুযোগ পাবেন।

বিষয়ভিত্তিক নির্বাচনে থাকছে ১৫টি একক ও ৩টি দলীয় বিভাগ। একজন সর্বোচ্চ তিনটি একক ও একটি দলীয় বিষয়ে প্রতিযোগিতা করতে পারবেন।

প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের পাশাপাশি সামগ্রিক শ্রেষ্ঠত্বের ভিত্তিতে দুটি বিভাগে দুজন ‘শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন’ নির্বাচিত হবেন।

অনুষ্ঠানে শিশু বিষয়ক আয়োজনের গুরুত্ব তুলে ধরে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, "ছোটদের প্রতি বা ছোটদের জন্য আমি যে লিখছি বা টেলিভিশনে যেসব অনুষ্ঠান হচ্ছে, তার একটি বড় কারণ, শিশুদের প্রতিভা অন্বেষণের এসব আয়োজন। এই ছোটরাই একদিন বড় শিল্পী হবে। আমরা তার বাস্তব উদাহরণ।"

সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়, জিয়া শিশু একাডেমির মহাপরিচালক হুমায়ূন কবীর এবং নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা ও ফাতেমা তুজ জোহরা উপস্থিত ছিলেন।

কণ্ঠশিল্পী বিউটি, লায়লা, মৌমিতা বড়ুয়া ও স্বরণসহ সাংস্কৃতিক অঙ্গনের লোকজনও ছিলেন অনুষ্ঠানে। 

প্রকল্প পরিচালকের দায়িত্বে আছেন রাজু আলীম। প্রতিযোগী নিবন্ধনের বিস্তারিত তথ্য আছে চ্যানেল আই ও জিয়া শিশু একাডেমির নিজস্ব ওয়েবসাইটে।